Logo Logo

উৎসবমুখর পরিবেশে শত্রুজিৎপুরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত


Splash Image

মোঃ রাজিব হোসেন, মাগুরাঃ উৎসাহ-উদ্দীপনা, আনন্দঘন পরিবেশ এবং হাজারো দর্শকের উপস্থিতিতে মাগুরা জেলার সদর উপজেলার শত্রুজিৎপুর ইউনিয়নে শত্রুজিৎপুর বণিক সমিতির পৃষ্ঠপোষকতায় শনিবার (২৫ জুলাই) বিকেলে শত্রুজিৎপুর কলেজ মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


ম্যাচে অংশগ্রহণ করে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ এবং শত্রুজিৎপুর বণিক সমিতি ফুটবল একাদশ। খেলা শুরুর আগ থেকেই মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নারী, পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাঠে উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন। পুরো ম্যাচজুড়ে উভয় দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য, শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাবের পরিচয় দেন। মাঠে উপস্থিত দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো স্টেডিয়াম প্রাঙ্গণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মুস্তাফিজুর রহমান, ডিআইজি, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। তিনি বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি এমন সামাজিক ও ক্রীড়া উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম (সেবা), পুলিশ সুপার, মাগুরা। তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে খেলাধুলার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।

আরও উপস্থিত ছিলেন জনাব ওসমান গনি মুসাফুরি, চেয়ারম্যান, ১০ নম্বর সদরপুর ইউনিয়ন পরিষদ। তিনি শত্রুজিৎপুর বণিক সমিতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন এলাকার যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

ম্যাচ শেষে অতিথিবৃন্দ উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ক্রীড়াসুলভ মনোভাব ও সুন্দর খেলায় সন্তোষ প্রকাশ করেন। পরে অংশগ্রহণকারী খেলোয়াড়দের সম্মাননা প্রদান করা হয়।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরা জানান, দীর্ঘদিন পর এমন একটি বড় আয়োজনের মাধ্যমে এলাকার মানুষ একত্রিত হওয়ার সুযোগ পেয়েছেন। ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হলে তরুণ সমাজ আরও বেশি খেলাধুলার প্রতি আগ্রহী হবে এবং সামাজিক সম্প্রীতি বৃদ্ধি পাবে।

পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত দর্শকরা আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...