Logo Logo

টুঙ্গিপাড়ায় পানিবন্দি ২ শতাধিক পরিবার, স্থায়ী সমাধানের আশ্বাস দিলেন এমপি জিলানী


Splash Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী মধ্যপাড়া গ্রামে দীর্ঘ ১০ বছর ধরে বর্ষা মৌসুমে সৃষ্টি হওয়া তীব্র জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই শতাধিক পরিবারের বাসিন্দারা।


বিজ্ঞাপন


প্রতি বছর বর্ষা এলেই প্লাবিত হয় স্থানীয় কবরস্থান, মাদ্রাসার চলাচলের রাস্তা এবং বসতবাড়ি ও রান্নাঘর। ফলে স্থানীয় শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষকে দীর্ঘদিন পানিবন্দি অবস্থায় মানবিক কষ্ট ভোগ করতে হয়।

গ্রামটির বেশিরভাগ পরিবার মাটির চুলায় রান্না করায় বর্ষাকালে তাদের চরম সংকটে পড়তে হয়। সিলিন্ডার গ্যাস কেনার সামর্থ্য না থাকায় অনেক পরিবারকে অনাহারে-অর্ধাহারে দিনাতিপাত করতে হয়। দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের কাছে মৌখিক ও লিখিতভাবে আকুতি জানিয়েও কোনো স্থায়ী প্রতিকার মেলেনি বলে অভিযোগ গ্রামবাসীর।

এমন পরিস্থিতিতে আজ রোববার প্লাবিত পাটগাতী মধ্যপাড়া গ্রামটি সরেজমিনে পরিদর্শন করেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। তিনি ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারগুলোর খোঁজখবর নেন এবং দীর্ঘদিনের এই জনদুর্ভোগের স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস দেন।

পরিদর্শনকালে এমপি এস এম জিলানী বলেন, "পাটগাতী মধ্যপাড়া গ্রামে অল্প বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়। যেহেতু এটি আমার নিজ গ্রাম, তাই আজ সরাসরি উপস্থিত হয়ে দেখলাম—এই জনদুর্ভোগের স্থায়ী সমাধান সত্যিই জরুরি। দ্রুত উপজেলা ও পৌরসভার প্রকৌশলীদের সাথে আলোচনা করে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং রাস্তা উঁচু ও প্রশস্ত করার কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। আশা করছি, এটি বাস্তবায়িত হলে মানুষ স্থায়ীভাবে মুক্তি পাবে।"

পরিদর্শনকালে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেনসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...