Logo Logo

মাদারীপুরে ওজোপাডিকো থেকে চোর আটক করল দায়িত্বরত আনসার সদস্যরা


Splash Image


বিজ্ঞাপন


মাদারীপুরে পশ্চিম অঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কার্যালয়ে দিনের আলোতেই চুরির ঘটনা ঘটেছে। তবে চোরের শেষ রক্ষা হয়নি। চুরির মালামালসহ তাকে হাতেনাতে ধরে ফেলে দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা। পরে তাকে ধাওয়া করে আটক করে মাদারীপুর সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) দুপুরে মাদারীপুর শহরের ইটেরপুল এলাকায় অবস্থিত ওজোপাডিকোর কার্যালয়ে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। আটককৃত চোরের নাম ফজল ফকির (৫০)। সে মাদারীপুর পৌর শহরের থানতলী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় ও আনসার-ভিডিপি সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ইটেরপুল এলাকায় ওজোপাডিকোর পুরাতন ভবনের ভেতরে ঢুকে জানালা ভেঙে ভেতরে থাকা মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম চুরির চেষ্টা করছিল ফজল ফকির। ঠিক সে সময় বিষয়টি নজরে আসে ওজোপাডিকোর লাইনম্যান আনোয়ার জাহিদ এবং দায়িত্বে থাকা আনসার সদস্য উত্তম কুমারের।

বিষয়টি বুঝতে পেরে তারা তাৎক্ষণিক ডাক-চিৎকার শুরু করেন এবং চোরকে ধরতে ধাওয়া করেন। আওয়াজ শুনে ভেতরে দায়িত্বে থাকা আরও ৬ জন আনসার সদস্য দ্রুত এগিয়ে আসেন এবং সবাই মিলে চোর ফজল ফকিরকে চারদিক থেকে ঘিরে ফেলে আটক করতে সক্ষম হন।

ঘটনার খবর পেয়ে মাদারীপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনির হোসেন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে আটককৃত ফজল ফকিরকে জব্দকৃত মালামালসহ মাদারীপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে কথা বললে মাদারীপুর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মনির হোসেন জানান, "ওজোপাডিকোর ভেতরে নিরাপত্তা জোরদারে আমাদের ৬ জন আনসার সদস্য দিন-রাত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। বেশ কিছু দিন ধরে ওজোপাডিকোর এই কার্যালয় থেকে বিভিন্ন মূল্যবান বৈদ্যুতিক সরঞ্জাম, এসি এমনকি মসজিদের মাইক চুরির মতো একাধিক ঘটনা ঘটছিল। এতে আমরা সতর্ক অবস্থান নিই।"

তিনি আরও বলেন, "আমাদের সদস্যদের বিচক্ষণতায় আজ চোর চক্রের এক সক্রিয় সদস্যকে মালামালসহ হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। ওজোপাডিকোর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তাকে থানায় হস্তান্তর করেছি। সরকারি সম্পদ রক্ষা এবং চোর চক্রের দৌরাত্ম্য বন্ধে আমাদের এই অভিযান ও কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

আইনশৃঙ্খলার স্বার্থে মাদারীপুর সদর থানা পুলিশ জানায়, আটক ফজল ফকিরের বিরুদ্ধে চুরির অপরাধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...