ছবি : সংগৃহিত
বিজ্ঞাপন
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাকার্ড নিয়ে প্রবেশের চেষ্টা করলে এ ঘটনা ঘটে।
জকসু সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প দ্রুত বাস্তবায়ন, মেডিকেল সেন্টারের সেবার উন্নয়নসহ শিক্ষার্থীদের বিভিন্ন দাবি ইউজিসি চেয়ারম্যানের সামনে তুলে ধরতে প্ল্যাকার্ড প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে মিলনায়তনে প্রবেশের সময় তাদের বাধা দেওয়া হয়।
একপর্যায়ে জকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের কথা-কাটাকাটি এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তাদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলা এবং হামলা চালানোর অভিযোগ করেন জকসু নেতারা।
এ ঘটনায় জকসু ভিপি রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলীম আরিফ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক, জবি ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ এবং দৈনিক আমার সংবাদ-এর জবি প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকসু ভিপি রিয়াজুল ইসলামসহ কয়েকজন নেতা মিলনায়তনে প্রবেশের চেষ্টা করলে ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল তাদের বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে আসা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ড. কে এ এম রিফাত হাসানকে ধাক্কা দেওয়ার ঘটনাও ভিডিওতে দেখা যায়।
ভিডিওতে আরও শোনা যায়, ছাত্রদল আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলতে থাকেন, এই দরজা বন্ধ কর, দ্রুত গেট আটকা। পরে মিলনায়তনের গেট বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর জকসু নেতারা ছেঁড়া প্ল্যাকার্ড হাতে মিলনায়তনের সামনে বিক্ষোভ করেন।
জকসুর নেতাদের দাবি, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো শান্তিপূর্ণভাবে উপস্থাপন করতে গেলেও তাদের বাধা দেওয়া হয়েছে এবং হামলার শিকার হতে হয়েছে।
জকসুর জিএস আব্দুল আলীম আরিফ ফেসবুকে লিখেছেন, প্রক্টর ছাত্রদল হয়ে গেছে, নাকি ছাত্রদল প্রক্টরের ভূমিকায়? আমন্ত্রণ জানিয়েও অডিটোরিয়ামে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। ধাক্কাধাক্কি করা শুধু ছাত্রদলের দ্বারাই সম্ভব।
জকসু ভিপি রিয়াজুল ইসলাম অভিযোগ করে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও প্রক্টর অফিসের লোকজন হামলা চালিয়েছে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং জকসুর প্রতিনিধিদের ধাক্কা দেওয়া হয়েছে।
তিনি এ ঘটনার বিচার এবং শিক্ষার্থীদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
তবে এ ঘটনায় ছাত্রদল বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...