Logo Logo

বাংলাদেশে বিনিয়োগ ও দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি আরব


Splash Image

বাংলাদেশে বহুমুখী খাতে বড় আকারের বিনিয়োগের পাশাপাশি দেশটি থেকে আরও বেশি পরিমানে দক্ষ শ্রমিক বা জনশক্তি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সৌদি আরব।


বিজ্ঞাপন


ঢাকা সফররত সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রকৌশলী ওয়ালিদ আব্দুল করিম আল-খুরেইজি মঙ্গলবার (৪ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। উক্ত বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, “বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই তাঁদের এই সফর। বর্তমান গণতান্ত্রিক সরকারের ওপর সৌদি সরকার পূর্ণ আস্থা প্রকাশ করেছে। সার্বিকভাবে বৈঠকটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে।”

প্রতিমন্ত্রী আরও জানান, সৌদি আরব বাংলাদেশের বিভিন্ন প্রতিশ্রুতিশীল খাতে বিনিয়োগে বিশেষভাবে আগ্রহী। বিশেষ করে মৎস্য (ফিশারিজ), খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য শক্তি, সৌর বিদ্যুৎ, তথ্যপ্রযুক্তি (আইটি) ও কৃত্রিম বুদ্ধিমত্তার (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) মতো খাতগুলোতে নিজেদের কারিগরি দক্ষতা কাজে লাগিয়ে তারা বাংলাদেশে বিনিয়োগের রূপরেখা তৈরি করছে।

বিনিয়োগ সংক্রান্ত পরবর্তী পদক্ষেপ নিয়ে শামা ওবায়েদ জানান, অচিরেই সৌদি আরবে একটি যৌথ বিনিয়োগ বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশ বিনিয়োগ বিকাশ কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ একটি প্রতিনিধি দল অংশ নেবে। এছাড়া চলতি বছরের মধ্যেই বাংলাদেশে পলিটিক্যাল কনসালটেশন মিটিং এবং জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবে। সফরকারী প্রতিনিধি দল আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দূরদর্শিতা ও নেতৃত্বে সৌদি-বাংলাদেশ সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

দক্ষ জনশক্তি রপ্তানি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশ থেকে সাধারণ শ্রমিকের পাশাপাশি বিপুল পরিমাণে অভিজ্ঞ ও দক্ষ টেকনিশিয়ান ও পেশাজীবী নেওয়ার বিষয়ে সৌদি প্রতিনিধি দলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে।

সৌদি ক্রাউন প্রিন্স কর্তৃক বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণের বিষয়ে তিনি বলেন, “সৌদি ক্রাউন প্রিন্স ইতিমধ্যে আমাদের প্রধানমন্ত্রীকে রিয়াদ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। একইভাবে আমরাও ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছি। দুই দেশের কূটনৈতিক আলোচনার ভিত্তিতে সুবিধাজনক একটি সময়ে প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হবে।”

সৌদি আরবে অবস্থানরত রোহিঙ্গা নাগরিকদের পাসপোর্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী স্পষ্ট করেন যে, “পাসপোর্ট সংক্রান্ত সার্বিক বিষয়গুলো নিয়ে জেদ্দা ও রিয়াদের বাংলাদেশ মিশন ইতিমধ্যে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আজকের মূল বৈঠকে বিষয়টি প্রাধান্য পায়নি।”

তিনি আরও উল্লেখ করেন, সৌদি প্রতিনিধি দল মূলত একটি বা দুটি নির্দিষ্ট খাতের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের বহুবিধ সম্ভাবনাময় ক্ষেত্রে যৌথভাবে কাজ করার স্পষ্ট আগ্রহ দেখিয়েছে এবং তাঁদের এই সফরটি মূলতঃ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যেই আয়োজিত হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...