Logo Logo

অর্ধশতাধিক বাংলাদেশিসহ গ্রিসের উপকূলে ২০২ অভিবাসী উদ্ধার


Splash Image

ফাইল ছবি।

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলীয় এলাকায় ৪৮ ঘণ্টারও কম সময়ে পৃথক অভিযানে ২০২ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। লিবিয়ার উপকূল থেকে নৌকায় করে ইউরোপে যাওয়ার পথে এসব অভিবাসী সাগরে আটকা পড়েন। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি, সুদানি ও মিসরের নাগরিক রয়েছেন।


বিজ্ঞাপন


গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানিয়েছে, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের আইয়েরাপেত্রা এলাকায় ৪০ জন অভিবাসী বহনকারী একটি নৌকার সন্ধান পায় ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান।

পরে খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ডের সদস্যরা একটি মাছ ধরার নৌকার সহায়তায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন। নৌকাটিতে থাকা ৪০ অভিবাসীকেই নিরাপদে উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়। পরে তাদের আইয়েরাপেত্রা বন্দরে নেওয়া হয় এবং পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া শুরু করা হয়।

এর কয়েক ঘণ্টা আগেই পৃথক দুটি নৌকা থেকে আরও ১১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল। এর মধ্যে প্রথম নৌকায় ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৩১ জন সুদানের নাগরিক এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক।

অন্য নৌকাটিতেও ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং ৯ জন মিসরের নাগরিক ছিলেন। পরবর্তী সময়ে আরও ৪০ জনকে উদ্ধার করা হলে ৪৮ ঘণ্টারও কম সময়ে গ্রিক কর্তৃপক্ষের উদ্ধার করা অভিবাসীর সংখ্যা দাঁড়ায় ২০২ জনে।

উদ্ধার হওয়া অভিবাসীদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে রাখা হয়েছে। সেখানে তাদের পরিচয় যাচাইসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে ক্রিট দ্বীপে অভিবাসীদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে তাদের সাময়িক আশ্রয়, নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের ওপর চাপও বাড়ছে।

লিবিয়ার উপকূল থেকে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের জন্য ক্রিট বর্তমানে গুরুত্বপূর্ণ একটি রুট হয়ে উঠেছে। এ কারণে দ্বীপটির আশপাশের সমুদ্রসীমায় নিয়মিত উদ্ধার অভিযান পরিচালনা করতে হচ্ছে গ্রিক কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...