Logo Logo

সংবাদ প্রচারের ২৪ ঘণ্টার মধ্যে দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সড়কে সংস্কার কাজ শুরু


Splash Image

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই সংস্কারকাজ শুরু হয়েছে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি ফিরেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে।


বিজ্ঞাপন


শনিবার (৮ আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বিদ্যালয়ের প্রবেশমুখের প্রায় ১০০ গজ সড়কে বালি ফেলে ইটের সলিংয়ের কাজ শুরু করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বিদ্যালয়ে প্রবেশের সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কজুড়ে কাদা ও পানি জমে চরম দুর্ভোগে পড়তে হতো বিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী এবং স্থানীয় বাসিন্দাদের। ফলে নিয়মিত স্কুলে যাতায়াতেও নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল।

সড়কটির দুরবস্থা নিরসনের দাবিতে গত বৃহস্পতিবার বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা। এরপর বিভিন্ন গণমাধ্যমে সড়কটির বেহাল অবস্থার চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশিত হলে দ্রুত সংস্কারের উদ্যোগ নেয় প্রশাসন।

দত্তপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. তারিকুজ্জামান লিটু বলেন, কাদাচ্ছন্ন সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী থাকায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে যাতায়াত করতে পারছিল না। এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন এবং সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর জেলা ও উপজেলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে সংস্কারকাজ শুরু করেছে।

তিনি বলেন, শিক্ষার্থী ও স্থানীয়দের ভোগান্তি নিরসনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় সংবাদকর্মী এবং নড়াইল জেলা ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এদিকে, সংস্কারকাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। তারা দ্রুত সংস্কারকাজ শেষ করার পাশাপাশি ভবিষ্যতে যাতে সড়কটি আবারও বেহাল হয়ে না পড়ে, সে জন্য স্থায়ীভাবে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...