Logo Logo

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক


Splash Image

ছবি : সংগৃহীত।।

সৌদি আরবের রাজধানী রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি প্রবাসীর অকালমৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার রাতে সংঘটিত এই ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় পুরো রেমিট্যান্স যোদ্ধা পরিবার ও দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


বিজ্ঞাপন


এক যৌথ শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহত বাংলাদেশি নাগরিকদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তারা জানান, প্রবাসে অর্জিত এই অপূরণীয় ক্ষতি এবং কঠিন সময়ে সরকার নিহতদের পরিবারের পাশে রয়েছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে আনা এবং প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে যে, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল এবং স্থানীয় হাসপাতাল পরিদর্শনে যান। আগুনে দগ্ধ হয়ে নিহত হওয়া ১৬ জন বাংলাদেশির পরিচয় দ্রুত শনাক্তকরণ এবং আইনি ও ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে রিয়াদের সংশ্লিষ্ট সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় রেখে কাজ করছে বাংলাদেশ দূতাবাস।

সংকটময় এই পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবের উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রেখে প্রয়োজনীয় সকল সহায়তা কার্যক্রম ত্বরান্বিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় নিশ্চিত করে স্বজনদের কাছে তথ্য পৌঁছানোর জন্য একটি বিশেষ টিমও কাজ করছে।

প্রসঙ্গত, গতকাল রোববার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত একটি সোফা প্রস্তুতকারী কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ডের সূপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা পুরো কারখানায় ছড়িয়ে পড়লে ভেতরে কর্মরত প্রবাসীরা আটকা পড়েন। এতে ঘটনাস্থলেই ১৬ জন বাংলাদেশি শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারান। প্রাথমিক ধারণানুযায়ী বৈদ্যুতিক গোলযোগ বা দাহ্য পদার্থের উপস্থিতির কারণে আগুনের তীব্রতা দ্রুত বৃদ্ধি পায়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...