বিজ্ঞাপন
রোববার (৯ আগস্ট) দিবাগত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই মর্মান্তিক সংবাদের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ রেজায়ে রাব্বী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রোববার আনুমানিক দুপুর ২টায় রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় অবস্থিত একটি সোফা তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে ১৬ জনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, নিহতদের সকলেই বাংলাদেশি নাগরিক। বর্তমানে স্থানীয় ফায়ার সার্ভিস এলাকাটিতে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। আগুনে মারাত্মকভাবে পুড়ে যাওয়ার কারণে মরদেহগুলো শনাক্ত করা বেশ কঠিন হয়ে পড়েছে।
দুর্ঘটনার পর রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের নাম-পরিচয় দ্রুত শনাক্ত করতে দূতাবাসের কর্মকর্তারা সরাসরি ঘটনাস্থলে উপস্থিত থেকে স্থানীয় সৌদি কর্তৃপক্ষের সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করে চলেছেন।
এর আগে রোববার রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় সৌদি আরবের সোফা কারখানায় ভয়াবহ আগুনে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শোকবার্তায় মন্ত্রী বলেন, জীবিকার তাগিদে সুদূর সৌদি আরবে অবস্থানরত আমাদের প্রবাসীদের এই অকাল মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। জাতীয় অর্থনীতিতে তাদের অবদান অপরিসীম। তাদের এমন আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মন্ত্রী আরও জানান, সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দুর্ঘটনাস্থল ও স্থানীয় প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। নিহত প্রবাসীদের মরদেহ দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ইতোমধ্যেই সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রবাসী কল্যাণমন্ত্রী নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...