বিজ্ঞাপন
সোমবার (১০ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ অনুরোধ জানানো হয়।
পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা হয়েছে এবং এই প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়েছে। বাংলাদেশ আশা প্রকাশ করছে যে, এ বিষয়ে ভারতের অবস্থান ইতিবাচক হবে।
শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি দেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়। ভারতে আটক সন্দেহভাজন আসামীদের ফেরত পাঠাতে প্রয়োজনীয় সব দাপ্তরিক কাগজপত্র ইতোমধ্যে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের দ্রুততম সময়ে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে।
গত দেড় মাস আগে দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই ছিল ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় ও সহায়ক পরিবেশ সৃষ্টির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সীমান্ত হত্যা ও পুশ-ইনের মতো বিষয়গুলোও সংক্ষেপে উঠে আসে, যা নিয়ে আগের দিনও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় দূতের বিস্তারিত কথা হয়।
গত ৫ আগস্টের একটি ঘটনার প্রেক্ষাপটে ভারতীয় কর্তৃপক্ষের অবস্থান ও বাংলাদেশের অসন্তোষ প্রকাশ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর প্রতি সম্মান প্রদর্শন করা যেকোনো সার্বভৌম দেশের দায়িত্ব। বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম স্তম্ভ এবং দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হিসেবে শেখ হাসিনার বিষয়টি সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। বাংলাদেশের বিচার বিভাগকে অসম্মান করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া অনুচিত ছিল। এ বিষয়ে বাংলাদেশ সরকারের স্পষ্ট বার্তা ভারতীয় কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে এবং ইতিবাচক বার্তা দিয়েছে যে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না।
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট সময়সীমা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, এটি সময়ের পরিক্রমা ও পারস্পরিক রাজনৈতিক সদিচ্ছার ওপর নির্ভর করছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...