Logo Logo

রাজাপুরে চার বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ, অসচ্ছল ৭ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ


Splash Image

ঝালকাঠির রাজাপুর উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় উদ্বুদ্ধ করতে চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা প্রকার ক্রীড়া সরঞ্জাম এবং অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার ৪৩নং দক্ষিণ পূর্ব কানুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মোট চারটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. আসাদুজ্জামান পনির।

বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন র‌্যাকেট, নেট, শাটলকক ও ক্যারম বোর্ডসহ বিভিন্ন প্রকার বিনোদন ও খেলাধুলার সরঞ্জাম।

পাশাপাশি মো. আসাদুজ্জামান পনিরের ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এলাকার সাতজন অসচ্ছল শিক্ষার্থীর মাঝে ফাইল, খাতা, কলম, পেন্সিল ও জ্যামিতি বক্সসহ আবশ্যকীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অসচ্ছল শিক্ষার্থীদের নির্বাচন করা হয়।

এ বিষয়ে ৪৩নং দক্ষিণ পূর্ব কানুদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মশিউর রহমান জানান, এসব ক্রীড়া সরঞ্জাম হাতে পাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ বহুগুণ বৃদ্ধি পাবে, যা তাদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে।

উদ্যোক্তা মো. আসাদুজ্জামান পনির বলেন, অর্থের অভাবে যেন কোনো অসচ্ছল শিক্ষার্থীর পড়াশোনা বিঘ্নিত না হয়, সে ভাবনা থেকেই তিনি ব্যক্তিগতভাবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে খেলাধুলার সুযোগ সম্প্রসারণে ক্রীড়া পরিদপ্তরের কাছে আবেদন জানালে প্রথম ধাপে এই চারটি বিদ্যালয় ক্রীড়া সরঞ্জাম লাভ করে। বাকি আরও তিনটি বিদ্যালয়ের অনুকূলে বরাদ্দপ্রাপ্ত সরঞ্জাম পৌঁছালে সেগুলোও দ্রুত বিতরণ করা হবে বলে জানান তিনি।

শিক্ষানুরাগী ও সংশ্লিষ্টদের মতে, উপহার হিসেবে পাওয়া এসব সামগ্রী শিক্ষার্থীদের মাঝে প্রাতিষ্ঠানিক পাঠদানের পাশাপাশি খেলাধুলা ও শিক্ষার প্রতি গভীর আগ্রহ তৈরি করবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...