Logo Logo

মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, হাজার হাজার ভিসা বাতিল


Splash Image

অভিবাসনবিরোধী কঠোর অভিযান অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে দেশটির পররাষ্ট্র দপ্তর এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিলের কথা জানিয়েছে। বাতিল হওয়া ভিসার মধ্যে ভ্রমণ ও অভিবাসনসংক্রান্ত বিভিন্ন ধরনের ভিসা রয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (১০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসার শর্ত লঙ্ঘন, জালিয়াতি, সহিংসতায় উসকানি, জাতীয় নিরাপত্তার জন্য হুমকি এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে অধিকাংশ ভিসা বাতিল করা হয়েছে। হামলা, মাতাল অবস্থায় গাড়ি চালানো, চুরি ও মাদকসংক্রান্ত অপরাধও ভিসা বাতিলের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

পররাষ্ট্র দপ্তর বলছে, ব্যাপক পরিসরে ভিসা বাতিলের এই কার্যক্রম গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর শুরু হওয়া অভিবাসনবিরোধী কঠোর অভিযানেরই অংশ। এই অভিযানে বৈধ ভিসাধারীসহ নজিরবিহীনসংখ্যক বিদেশি নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, ধারাবাহিক যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ভিসাধারীদের বিষয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো, ভিসাধারীরা যেন ভিসার নির্ধারিত শর্ত মেনে চলেন এবং তাদের কর্মকাণ্ডের মাধ্যমে মার্কিন নাগরিকদের জন্য কোনো ধরনের ঝুঁকি তৈরি না হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর আফ্রিকায় অবস্থিত একটি মার্কিন দূতাবাস ‘বার্থ ট্যুরিজম’-এর সঙ্গে জড়িত ১০০টির বেশি দম্পতির ভিসা বাতিল করেছে। এসব দম্পতি মূলত সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, যাতে তাঁদের সন্তান জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে—এমন বিদেশি নাগরিকদের শনাক্ত ও তদন্তের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে ভিসার সুযোগের অপব্যবহারকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করে বলেছে, যুক্তরাষ্ট্রের ভিসা কোনো অধিকার নয়; এটি একটি বিশেষ সুবিধা। যারা এই সুবিধার অপব্যবহার করবে, তাদের ভিসা বাতিলের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

এর আগে গত জানুয়ারিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, তারা এক লাখের বেশি ভিসা বাতিল করেছে। সে সময় এটিকে ভিসা বাতিলের ক্ষেত্রে একটি রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছিল। এবার সেই সংখ্যা বেড়ে প্রায় ১ লাখ ৭৫ হাজারে পৌঁছেছে।

সূত্র : আল জাজিরা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...