Logo Logo

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ


Splash Image

বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরের জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে আকস্মিক বিস্ফোরণে বিচারপ্রার্থী, আইনজীবী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।


বিজ্ঞাপন


ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। পাশাপাশি বিস্ফোরণের আলামত সংগ্রহ করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, আদালত চত্বরে প্রবেশের প্রধান ফটকের কাছেই জুডিশিয়াল ভবনের সামনে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। ঘটনার পর বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ এবং আদালতের বিচারকরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বরিশাল মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নাজিম উদ্দীন আহমেদ পান্না বলেন, অগণতান্ত্রিক কোনো শক্তি এ নাশকতার সঙ্গে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাডভোকেট এইচএম তসলিম উদ্দিন বলেন, যারা নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে জনগণ ও জাতীয়তাবাদী শক্তি মাঠে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

অ্যাডভোকেট একেএম মীর জাহিদুল কবির বলেন, নাশকতার উদ্দেশ্যেই ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তারা মনে করছেন। আগামী ১৬ আগস্ট বরিশালে আইনমন্ত্রীর সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, শান্তিপূর্ণ পরিবেশকে অশান্ত করার উদ্দেশ্যে কোনো মহল এ ঘটনা ঘটিয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।

বিএমপির উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার জানান, ঘটনার তদন্তে সিআইডির একটি দল কাজ শুরু করেছে। তদন্ত শেষ হলে বিস্ফোরণের প্রকৃত কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

এদিকে ককটেল বিস্ফোরণের পর আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আদালত চত্বরে সতর্ক অবস্থানে রয়েছেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...