Logo Logo

মুকসুদপুরে মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি কওমি মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে হুসাইন কাজী (১২) নামে এক আবাসিক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার পশ্চিম গোপীনাথপুরের দারুল উলুম শুভম কওমি মাদ্রাসা, এতিমখানা ও কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে।

নিহত হুসাইন কাজী উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ণ গ্রামের পলাশ কাজীর ছেলে। সে ওই মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে পড়াশোনা করত।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, মঙ্গলবার আসরের নামাজের পর শিক্ষার্থীরা বাইরে খেলাধুলা করতে যায়। এ সময় শিক্ষক ও কর্মচারীরাও বাইরে অবস্থান করছিলেন। পরে এক শিক্ষার্থীর অভিভাবক তার সন্তানের কাপড় নিতে মাদ্রাসার দ্বিতীয় তলার ৬ নম্বর কক্ষে যান। সেখানে গিয়ে তিনি দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিয়ে কক্ষের ভেতরে হুসাইনকে দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীসহ অন্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।

খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তা খুলতে না পেরে জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করেন তারা। পুলিশের উপস্থিতিতে কক্ষ থেকে হুসাইনের মরদেহ উদ্ধার করা হয়।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মাদ্রাসার এক শিক্ষক ফোন করে একটি কক্ষে এক শিক্ষার্থী একা অবস্থান করছে বলে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান। পরে জানালার গ্রিল কেটে কক্ষে প্রবেশ করলে জানালার গ্রিলের পাশে হুসাইনকে গলায় গামছা পেঁচানো অবস্থায় দেখতে পান তারা। তবে গামছার অপর প্রান্ত খোলা ছিল।

পরে বিষয়টি মুকসুদপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে খবর পেয়ে পুলিশ মাদ্রাসায় গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। বুধবার ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের বাবা পলাশ কাজী মুকসুদপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...