Logo Logo

মাদারীপুরে আন্তর্জাতিক যুব দিবস পালিত


Splash Image

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক), মাদারীপুরের উদ্যোগে ‘জলবায়ুর অভিঘাত মোকাবেলা ও টেকসই উন্নয়নে দুর্জয় তারুণ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মাদারীপুর পৌরসভার সামনে মূল সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন


মানববন্ধনে সনাক, ইয়েস ও এসিজি সদস্য, স্কাউটস, শিক্ষার্থী, শিক্ষক, রেড ক্রিসেন্টের সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বেসরকারি সংস্থা, যুব প্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৭৪ জন নাগরিক অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে নারী ছিলেন ২১ জন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের ইতিবাচক অর্জন ও সাফল্যের ইতিহাসে তরুণ ও যুবসমাজের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সংকট মোকাবিলা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দেশের বিপুল সম্ভাবনাময় তরুণ জনগোষ্ঠীকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে।

এ বছর জাতিসংঘ আন্তর্জাতিক যুব দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’। এর মূল বার্তা হলো—ভৌগোলিক ও সামাজিক পার্থক্য থাকলেও বিশ্বের সব তরুণের নিরাপদ ও সমতাভিত্তিক ভবিষ্যতের অধিকার অভিন্ন। ২০০০ সাল থেকে প্রতিবছর ১২ আগস্ট আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়ে আসছে।

মানববন্ধনে সনাক মাদারীপুরের সভাপতি খান মো. শহীদ বলেন, দেশ ও বিশ্ব পরিবর্তনে তরুণদের অবদান অনস্বীকার্য। অর্থনৈতিক বৈষম্য ও বেকারত্ব কমাতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি দুর্নীতি প্রতিরোধেও তরুণদের এগিয়ে আসতে হবে।

এ সময় দৈনিক বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক শরীফ মো. ফায়েজুল কবিরসহ অন্যরা বক্তব্য দেন। বক্তারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিঘাত মোকাবিলা, অভিযোজন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের কার্যকর অংশগ্রহণ, উদ্ভাবন ও প্রচেষ্টার যথাযথ মূল্যায়নের দাবি জানান। একই সঙ্গে তরুণদের জীবনঘনিষ্ঠ বিষয়গুলোতে নীতিনির্ধারকদের আরও কার্যকর ভূমিকার আহ্বান জানানো হয়।

বক্তারা কিশোর গ্যাং ও মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা, দুর্নীতিমুক্ত মূল্যবোধ প্রতিষ্ঠা এবং তরুণদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে যথাযথ দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সনাক মাদারীপুরের ইয়েস বিষয়ক আহ্বায়ক আঞ্জুমান আরা কবির জুলিয়া আন্তর্জাতিক যুব দিবস-২০২৬ উপলক্ষে টিআইবি প্রণীত ধারণাপত্র পাঠ করেন।

টিআইবি মনে করে, দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ও সুশাসন প্রতিষ্ঠায় দেশের যুবসমাজ অন্যতম প্রধান চালিকাশক্তি। দিবসটি উপলক্ষে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা ও টেকসই উন্নয়ন অর্জনে তরুণদের সম্পৃক্ততা বাড়াতে টিআইবির সঙ্গে সংশ্লিষ্ট তরুণ অংশীজনরা নয়টি সুপারিশ তুলে ধরেন।

সুপারিশগুলোর মধ্যে রয়েছে—জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তরুণদের সচেতনতা বৃদ্ধি এবং তাদের উদ্ভাবনী উদ্যোগে রাষ্ট্রীয় স্বীকৃতি, আর্থিক ও কারিগরি সহায়তা নিশ্চিত করা; জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও টেকসই উন্নয়নে তারুণ্যনির্ভর জাতীয় কৌশল ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা গ্রহণ এবং এতে তরুণদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা।

এ ছাড়া গ্রামীণ, প্রান্তিক ও জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার তরুণদের নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও প্রযুক্তিগত সুবিধা, মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা সহায়তা, আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী আধুনিক ও কারিগরি শিক্ষা এবং পরিবেশবান্ধব কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর দাবি জানানো হয়।

তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও দুর্নীতিমুক্ত পৃষ্ঠপোষকতা, নারী, সংখ্যালঘু, আদিবাসী, প্রতিবন্ধীসহ অনগ্রসর তরুণদের শিক্ষা ও কর্মসংস্থানে বিশেষ প্রণোদনা, জলবায়ু দুর্যোগে ক্ষতিগ্রস্ত তরুণদের পুনর্বাসনে রাষ্ট্রীয় তরুণ সুরক্ষা তহবিল গঠন এবং সরকারি-বেসরকারি নিয়োগে পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশও করা হয়।

মানববন্ধন শেষে নাগরিকদের মধ্যে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে টিআইবি প্রণীত ধারণাপত্র বিতরণ করা হয়।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...