বিজ্ঞাপন
সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক অবস্থান, ১৯৯১ সালের সরকারে দায়িত্ব পালন এবং মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তিনি।
কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘বিএনপি সরকারের সময় বলেছি, সুশাসন প্রতিষ্ঠা করেন। দুর্নীতিবাজদের জেলে দেন। সুশাসন পাইনি, আমি বের হয়ে এসেছি।’
১৯৯১ সালের পর যোগাযোগমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সে সময় দলমত নির্বিশেষে সব সংসদ সদস্যের জন্যই কাজ করেছেন। তবে দল থেকে তাকে শুধু বিএনপির জন্য কাজ করতে বলা হয়েছিল।
তিনি বলেন, ‘আমি তখন বলেছিলাম, আমি পদত্যাগ করে চলে যাব। কারণ আমি শপথ নিয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মন্ত্রী হিসেবে। আমার শপথ বিএনপির মন্ত্রী হিসেবে নয়।’
অলি আহমদ আরও বলেন, ‘সুতরাং আমি এখানে কোনো পার্থক্য করব না। প্রয়োজনে পদ ছাড়তে রাজি আছি, তবু বেইমানি, মোনাফেকি করতে পারব না।’
মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে এলডিপি সভাপতি বলেন, বাংলাদেশ যখনই বিপদের মুখে পড়েছে, তখনই তিনি সম্মুখভাগে ছিলেন। ১৯৭১ সালে পুরো জাতি যখন দিশেহারা হয়ে পড়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সঙ্গে নিয়ে তারা বিদ্রোহ করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
অলি আহমদ বলেন, ‘আমি নিজেই তাকে কালুরঘাট বেতার কেন্দ্রে নিয়ে গিয়েছিলাম। আমরা পাশাপাশি বসা ছিলাম। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন তিনি। তখন আমার বয়স কতই-বা ছিল? সামান্য একজন তরুণ ক্যাপ্টেন।’
নিজেকে নিয়ে সাম্প্রতিক সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখন আমাকে গালি দেয়, আমি নাকি মেম্বারও হতে পারব না। আমি কিছু বলি না। কারণ, যে যে স্তরের লোক, তার চিন্তাধারাই তো ওই স্তরের।’
এ ছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় সংঘটিত ১৯টি ‘ক্যু’-এর প্রতিটিতে তিনি সম্মুখযোদ্ধা হিসেবে ছিলেন বলেও সাক্ষাৎকারে দাবি করেন কর্নেল (অব.) অলি আহমদ।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...