Logo Logo

হেলমেট-মাস্ক পরে নলছিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল


Splash Image

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী হেলমেট ও মাস্ক পরে ঝটিকা মিছিল করেছেন। বুধবার (১২ আগস্ট) বিকেলে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের কালিয়ার জোড় এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।


বিজ্ঞাপন


স্থানীয়রা জানায়, মিছিলে ছয়জন অংশ নেন। তাদের মধ্যে চারজন হেলমেট ও মাস্ক পরিহিত ছিলেন। অপর দুজনের মুখ খোলা ছিল। মিছিল থেকে তারা ‘আমির হোসেন আমুসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি চাই’, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’সহ বিভিন্ন স্লোগান দেন। মিছিলে নেতৃত্ব দেন নলছিটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আকাশ দাশ ও মো. শরিফুল ইসলাম শরিফ।

এদিকে, মিছিলটির একটি ভিডিও আওয়ামী লীগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজ এবং মো. শরিফুল ইসলামের ফেসবুক আইডিতে প্রকাশ করা হয়েছে। সেখানে এটিকে ‘নলছিটি পৌর ছাত্রলীগের বিক্ষোভ মিছিল’ হিসেবে উল্লেখ করা হয়। একই সঙ্গে মিছিলের নেতৃত্বদানকারী হিসেবে পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে।

আগামী ১৫ আগস্টকে সামনে রেখে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের এমন প্রকাশ্য তৎপরতা নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এর আগে নলছিটির দপদপিয়া খয়রাবাদ সেতু সংলগ্ন এলাকায় ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল।

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘চোরাগোপ্তা ভাবে নির্জন এলাকায় মিছিলের একটি ভিডিও আমাদের নজরে এসেছে। ভিডিও দেখে মিছিলে অংশগ্রহণকারীদের শনাক্ত করার কাজ চলছে। দ্রুতই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, বাংলাদেশে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর পরও নলছিটিতে সংগঠনটির নেতাকর্মীদের এমন ঝটিকা মিছিলের ঘটনায় স্থানীয়ভাবে নতুন করে আলোচনা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...