Logo Logo

নৃত্য ও সুরের মূর্ছনায় মাগুরায় উদযাপিত হলো নৃত্যাঙ্গণের প্রতিষ্ঠাবার্ষিকী


Splash Image

নৃত্যের ছন্দ, সুর আর নান্দনিক পরিবেশনার মধ্য দিয়ে মাগুরায় উদযাপিত হলো সাংস্কৃতিক সংগঠন ‘নৃত্যাঙ্গন’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন


গত শুক্রবার (১৪ আগস্ট) রাতে জেলা অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্প, সাহিত্য ও আবহমান বাংলার ঐতিহ্যকে ফুটিয়ে তোলেন শিল্পীরা।

“শব্দ যেখানে থেমে যায়, নৃত্য সেখানে কথা বলে”— এই হৃদয়গ্রাহী প্রতিপাদ্যকে ধারণ করে পুরো আয়োজনটি সাজানো হয়। নৃত্যাঙ্গনের প্রধান উপদেষ্টা মো. শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহম্মেদ বলেন, “সংস্কৃতি চর্চা মানুষের মননশীলতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে। অপসংস্কৃতির আগ্রাসন রুখতে এবং নতুন প্রজন্মকে বিপথগামিতা থেকে দূরে রাখতে সুস্থ ধারার সাংস্কৃতিক আন্দোলনের কোনো বিকল্প নেই।” তিনি স্থানীয় পর্যায়ে সংস্কৃতির বিকাশ ও প্রসারে নৃত্যাঙ্গনের মতো সংগঠনের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের আলোচনা পর্বে বক্তারা তৃণমূল পর্যায়ে নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নতুন প্রজন্মকে শিকড়ের সংস্কৃতি ও বাঙালি ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। সৃজনশীল প্রতিভার বিকাশ ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে নৃত্য ও শিল্পের অবদান অনস্বীকার্য।

আলোচনা সভা শেষে শুরু হয় দ্বিতীয় পর্বের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্যাঙ্গনের ক্ষুদে ও প্রবীণ নৃত্যশিল্পীদের নান্দনিক মুদ্রা ও অভিব্যক্তিতে অডিটোরিয়ামে সৃষ্টি হয় এক মুগ্ধকর পরিবেশ। শাস্ত্রীয়, লোকনৃত্য ও সৃজনশীল কোরিওগ্রাফির মাধ্যমে সমাজ ও সংস্কৃতির নানা দিক দর্শকদের সামনে তুলে ধরা হয়, যা উপস্থিত দর্শকদের করতালি ও প্রশংসায় সিক্ত হয়।

অনুষ্ঠানে মাগুরা জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, স্থানীয় শিল্পী, সুধী সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...