Logo Logo

হরমুজ প্রণালিকে শিগগিরই মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প


Splash Image

গ্রাফিক্স : ভোরের বাণী।

প্রায় ছয় মাস ধরে চলমান সংঘাতের মধ্যেই ইরানের বিরুদ্ধে আরও কঠোর অর্থনৈতিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিকে খুব শিগগিরই ‘মার্কিন ভূখণ্ড’ হিসেবে ঘোষণা করার কথা জানিয়েছেন তিনি। তবে এ মন্তব্য তিনি কতটা গুরুত্ব দিয়ে করেছেন, তা এখনো স্পষ্ট নয়।


বিজ্ঞাপন


ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ওপর অর্থনৈতিকভাবে বড় ধরনের আঘাত হানতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, আগামী সপ্তাহেই তেহরানের বিরুদ্ধে এমন কিছু পদক্ষেপ নেওয়া হবে, যা আগে কখনো দেখা যায়নি।

এদিকে নিউইয়র্কের একটি পুলিশ একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সমাবেশে ট্রাম্প হাসতে হাসতে বলেন, ‘খুব শিগগিরই আমি হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে যাচ্ছি।’

ট্রাম্পের এ মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিদাবাদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, হুমকি কিংবা শক্তি প্রদর্শনে তেহরান ভয় পায় না। হরমুজ প্রণালি খোলা বা বন্ধ রাখার সিদ্ধান্ত ইরানের নিজস্ব এখতিয়ার বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষায়, পরাজয়ের বাস্তবতা মেনে না নেওয়া পর্যন্ত ইরান অবরোধ অব্যাহত রাখবে। কোনো সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, বিমানবাহী রণতরী, নির্দেশ কিংবা নির্বাচনী ভাষণের মাধ্যমে হরমুজ প্রণালি দখল করা সম্ভব নয়।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালানোর পর শুরু হওয়া সংঘাতের প্রভাবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী, শুক্রবার মাত্র দুটি জাহাজ এই জলপথ অতিক্রম করেছে। এর আগের দিন বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুটি জাহাজে হামলার ঘটনা ঘটে, যার দায় ইরানের ওপর চাপিয়েছে আবুধাবি।

যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১৩০টির বেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করত। বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল ও এলএনজি এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। ফলে জাহাজ চলাচলে ব্যাপক বিঘ্নের প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারে এবং যুক্তরাষ্ট্রে গ্যালনপ্রতি জ্বালানির দাম প্রায় ৪ ডলারে পৌঁছেছে।

এ পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের সামান্য বেশি দামে জ্বালানি কেনার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, একটি ‘দুষ্ট দেশকে’ পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্যই এই মূল্য দিতে হচ্ছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এর আগে বলেছিলেন, পারমাণবিক ইরান ঠেকানোর চেয়ে মার্কিন নাগরিকদের জন্য কম দামে জ্বালানি নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য। ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির মূল্যবৃদ্ধি ট্রাম্প প্রশাসনের জন্য বড় রাজনৈতিক ঝুঁকি তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে ইরানের বিরুদ্ধে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এর নাবিকদের দুর্দশা ও মানসিক স্বাস্থ্য নিয়ে ওঠা উদ্বেগ নাকচ করে দিয়েছেন ট্রাম্প। প্রায় নয় মাস ধরে সাগরে থাকা রণতরীটির নাবিকদের পরিবার উদ্বেগ প্রকাশ করলেও ট্রাম্প দাবি করেছেন, এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তাঁর মতে, রণতরীটির মোতায়েনকালও ‘যথেষ্ট দীর্ঘ নয়’। তবে শিগগিরই রণতরীটি পরিবর্তন করে একই ধরনের আরেকটি জাহাজ মোতায়েন করা হবে বলে জানিয়েছেন তিনি।

ইউএসএস আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে এরই মধ্যে মার্কিন গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে কয়েকজন নাবিকের সাগরে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করার কথা উল্লেখ করা হয়। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত মন্ত্রী হাং কাও মানসিক অবসাদে ভোগা কয়েকজন নাবিককে চিকিৎসা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও পরিস্থিতিকে নেতিবাচকভাবে উপস্থাপনের জন্য গণমাধ্যমকে দায়ী করেছেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে গত জুনে হওয়া চুক্তি ভেস্তে যাওয়ার পর নতুন করে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবার জানিয়েছেন, কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে কেবল বার্তা আদান-প্রদান চলছে। তবে এটিকে যুদ্ধ বন্ধের আনুষ্ঠানিক আলোচনা বলা যাবে না।

চুক্তি ভেস্তে যাওয়ার পর থেকেই ইরান তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমকারী জাহাজগুলোর ওপর আবারও হামলা শুরু করেছে। ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আরও বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাজারে।

সূত্র: ফক্স নিউজ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...