বিজ্ঞাপন
উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে মোনাজাতে অংশ নেন তিনি। এরপর বেলুন ও পায়রা উড়িয়ে নতুন ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা আরও সম্প্রসারণের লক্ষ্যে হাসপাতালটিতে নতুন করে ৫০০ শয্যা যুক্ত করা হয়েছে। এর ফলে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে মোট শয্যাসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে।
সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশে এত বড় নিউরোসায়েন্সেস হাসপাতাল নেই।
জানা যায়, ২০১২ সালে ১০তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের কার্যক্রম শুরু হয়। পরবর্তী সময়ে রোগীর চাপ ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় উন্নত ও পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে আরও ২০০ শয্যা বাড়ানো হয়। এবার রোগীদের চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে নবনির্মিত ১৫তলা ভবনে যুক্ত হলো আরও ৫০০ শয্যা।
নতুন ভবন চালুর ফলে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার সুযোগ ও শয্যাসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা রোগীদের উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তা ও হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...