Logo Logo

রাজাপুরে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালন, নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম নিয়ে প্রশ্ন


Splash Image

ঝালকাঠির রাজাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার (১৫ আগস্ট) রাতে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ওস্তা বাড়ি এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ কর্মসূচি পালন করা হয়।


বিজ্ঞাপন


জানা গেছে, রাজাপুর উপজেলা যুবলীগ নেতা রিজভী সাব্বিরের পক্ষে ছাত্রলীগ নেতা মো. নাইমুল ইসলামের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে সাবেক এমপি আমির হোসেন আমু, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির ও ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি মধুসহ তাদের নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে উপস্থিত ব্যক্তিদের মধ্যে তবারক হিসেবে খিচুড়ি বিতরণ করা হয়।

কর্মসূচিতে হাফিজুল ইসলাম, ওবায়দুল ইসলামসহ রাজাপুর উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বিকেলে গালুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবুর পক্ষ থেকে গালুয়া মীরা বাড়ি হাফিজি মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়।

এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের এমন কর্মসূচি পালনের ঘটনায় স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, রাজাপুর বিএনপি, যুবদল ও ছাত্রদলের পদধারী কয়েকজন সিনিয়র নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগের দোসররা এলাকায় সক্রিয় হয়ে উঠছে। তাদের আশ্রয়-প্রশ্রয়ের কারণেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এ ধরনের কর্মসূচি পালনের সাহস পাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

বিএনপির ওই অংশের নেতাকর্মীদের আরও অভিযোগ, রাজাপুর থানার বর্তমান ওসি প্রশাসনিকভাবে তেমন কোনো ভূমিকা পালন করছেন না। এ কারণে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সময় প্রকাশ্যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

তবে এসব অভিযোগের বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান বলেন, “ফ্যাসিবাদের সঙ্গে যারা জড়িত, তাদের কাউকে আমাদের দলের সঙ্গে যুক্ত করা যাবে না। এদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বক্তব্য দিতে রাজি না হয়ে ওসির সঙ্গে কথা বলতে বলেন। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বক্তব্য দিতে রাজি হননি। তিনি মিটিংয়ে আছেন বলে ফোন কেটে দেন।

এ বিষয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ্ আলম বলেন, “ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। এদের প্রকাশ্যে এসে কার্যক্রম করা নিষেধ। এ ঘটনা জানা নেই। খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়দের মতে, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে এ ধরনের কর্মসূচি পালনের ঘটনায় প্রশাসনের নজরদারি ও আইনগত পদক্ষেপের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...