Logo Logo

বেরোবির শহীদ মুখতার ইলাহী হলে ‘ভাইভা ক্লাব’ এর যাত্রা শুরু


Splash Image

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের শহীদ মুখতার ইলাহী হলে শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ারভিত্তিক দক্ষতা উন্নয়ন, ভাইভা প্রস্তুতি, আত্মবিশ্বাস বৃদ্ধি ও যোগাযোগ দক্ষতা বিকাশের লক্ষ্যে ‘ভাইভা ক্লাব, বিআরইউআর’ নামে একটি শিক্ষামূলক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।


বিজ্ঞাপন


শনিবার (১৫ আগস্ট) শহীদ মুখতার ইলাহী হলের পুরাতন রিডিং রুমে প্রথম সেশন আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। শিক্ষার্থীদের উদ্যোগে প্রতিষ্ঠিত সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও শিক্ষামূলক উদ্দেশ্যে পরিচালিত হবে।

সংগঠনটির প্রধান লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চাকরির ভাইভা, মৌখিক পরীক্ষা, উপস্থাপনা, পাবলিক স্পিকিং, যোগাযোগ দক্ষতা ও ক্যারিয়ার প্রস্তুতিতে সহযোগিতা করা। পাশাপাশি নিয়মিত কর্মশালা, সেমিনার, ভাইভা অনুশীলন ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির সুযোগ তৈরি করা।

অনুষ্ঠানে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কামরুজ্জামান শান্ত বলেন, “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এর আগে হলকেন্দ্রিক কোনো ক্যারিয়ার ক্লাব ছিল না। ১৫তম ব্যাচের উদ্যোগে ভাইভা ক্লাবের যাত্রা শুরু হলো। এটি শিক্ষার্থীদের চাকরির ভাইভা, পাবলিক স্পিকিং ও প্রেজেন্টেশনের প্রস্তুতি নিতে সহায়তা করবে। পাশাপাশি অ্যালামনাই, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধিতেও ক্লাবটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে শুধু ক্লাব প্রতিষ্ঠা করলেই হবে না, এটিকে টিকিয়ে রাখতে সবার সমন্বিত প্রচেষ্টা জরুরি।”

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম রনি বলেন, “VIVA CLUB, BRUR আমাদের জন্য শুধু একটি সংগঠন নয়; বরং নতুন কিছু শেখা, দক্ষতা বাড়ানো এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার একটি সুন্দর সুযোগ। এই ক্লাবের মাধ্যমে যোগাযোগ দক্ষতা, উপস্থাপনা, নেতৃত্ব ও ক্যারিয়ার সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারব। নিয়মিত কর্মশালা, সেমিনার ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে আমরা নিজেদের আরও দক্ষ করে তুলতে পারব এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত হতে পারব—এটাই আমাদের প্রত্যাশা।”

রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. মাহবুবুল আলম (মহিবুল) বলেন, “ভাইভা ক্লাব শিক্ষার্থীদের জ্ঞান ও আত্মবিশ্বাসকে আরও সমৃদ্ধ করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ভাইভা শুধু প্রশ্নের উত্তর দেওয়ার বিষয় নয়; বরং নিজের জ্ঞান, চিন্তাভাবনা ও ব্যক্তিত্বকে সুন্দরভাবে উপস্থাপনের একটি মাধ্যম। এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত ভাইভা অনুশীলন, পারস্পরিক মতবিনিময় ও অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ পাবে। আমরা আশা করি, মুখতার ইলাহী হলের ১৫তম আবর্তনের এই উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থীদের একাডেমিক ও ক্যারিয়ার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) সুপারিশপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতি ও অভিজ্ঞতা বিনিময় শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতিতে অনুপ্রেরণা জোগায়।

আয়োজকরা জানান, ভবিষ্যতে শিক্ষার্থীদের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন প্রশিক্ষণ, মক ভাইভা, ক্যারিয়ার সেশন, পাবলিক স্পিকিং ও দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...