বিজ্ঞাপন
গত রবিবার (১৬ আগস্ট) বিকেলে চাটখিল পৌরসভার বাজার এলাকার মাছ বাজারে এ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি চৌকস দল পৌর মাছ বাজার এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযানে মাদক কেনাবেচা এবং সেবনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ১০ তরুণ ও যুবককে হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মো. ওমর ফারুক (২৪), আশিক দাশ অভি (২৩), মো. জাহিদুল ইসলাম (২২), শাকিবুল হাসান (২০), মো. নয়ন (২০), মো. রবিউল ইসলাম (২৩), মো. এমরান হোসেন নাজিম (২৫), মো. মান্নান হোসেন (৩৬), মো. রবিউল আলম (২০) এবং মাজহারুল ইসলাম শিমুল (২১)।
অভিযানকালে ধৃত ব্যক্তিদের হেফাজত থেকে ৩১ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ২৭ হাজার ২৭৫ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক সেবনের কাজে ব্যবহৃত ১০টি গ্যাস লাইটার, টাকা মুড়িয়ে তৈরি ৬টি পাইপ, ৮টি ব্যবহৃত বোতলের কর্ক এবং ১০ টুকরা বিশেষ ফয়েল পেপার জব্দ করে পুলিশ। জব্দকৃত সব আলামতের তালিকা তৈরি করে থানা হেফাজতে রাখা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এসআই মুহাম্মদ মুসলিম, এসআই টুটন মজুমদার, এসআই মামুনুর রশিদ এবং এএসআই শাহ আলম গাজী, এএসআই মো. জাহাঙ্গীর হোসেন, এএসআই মো. আলী হোসেন ও এএসআই মো. হাছানসহ পুলিশের সমন্বিত দল এ অভিযান পরিচালনা করে।
তিনি আরও উল্লেখ করেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। যুবসমাজকে রক্ষা করতে এবং চাটখিল উপজেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের জিরো টলারেন্স অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...