Logo Logo

নোয়াখালীতে গায়ে হলুদের অনুষ্ঠানে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫


Splash Image

নোয়াখালীর বেগমগঞ্জে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ধারণ করতে যাওয়ার পথে দুর্বৃত্তদের অতর্কিত ও এলোপাতাড়ি গুলিবর্ষণে এক ক্যামেরাম্যানসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন


গত সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত সোয়া ১১টার দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় এ রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—ইভেন্ট ম্যানেজমেন্টের ক্যামেরাম্যান নজরুল ইসলাম শান্ত, মারুফ আহাম্মেদ, জসিম উদ্দিন, সাকিব হোসেন ও বাবলু। গুলির শব্দে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার শিকার ও গুলিবিদ্ধ নজরুল ইসলাম শান্ত জানান, রাতে তিনটি মোটরসাইকেল ও দুটি সিএনজিচালিত অটোরিকশায় নারী সদস্যসহ পুরো ইভেন্ট টিম একটি বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে ভিডিও ও ছবি তোলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে মৌশাকপুর গ্রামের গাজীটোলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে অতর্কিতে মোটরসাইকেলগুলো লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে একদল সশস্ত্র সন্ত্রাসী। এতে চালক নিয়ন্ত্রণ হারালে আরোহীরা রাস্তায় ছিটকে পড়েন এবং শান্তসহ পাঁচজনের মাথা, হাত ও পিঠে গুলি লাগে। শান্ত আরও দাবি করেন, হামলাকারীদের মধ্যে তিনি স্থানীয় সন্ত্রাসী হারুন ও ‘পিচ্চি রিয়াদ’কে সরাসরি চিনতে পেরেছেন। হামলার সময় পিচ্চি রিয়াদ তাকে ‘জামায়াত-শিবির কর্মী’ বলে আখ্যা দেয় এবং পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করার হুমকি দিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি করে।

স্থানীয় একাধিক বিশ্বস্ত সূত্রের তথ্যমতে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় হারুন ও তার প্রতিপক্ষ রায়হানের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে চরম বিরোধ চলছিল। সোমবার রাতে ইভেন্ট টিমের বহরটি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় হারুন বাহিনী তাদের প্রতিপক্ষ রায়হানের লোকজন ভেবে ভুল তথ্যের ওপর ভিত্তি করে অতর্কিত গুলিবর্ষণ করে।

হামলার অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত হারুন ও পিচ্চি রিয়াদের ব্যক্তিগত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সংযোগ বন্ধ পাওয়া যায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল আরোহীদের পেছন থেকে লক্ষ্য করে গুলি চালালে কয়েকজন ছররা গুলিতে আহত হন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি দল ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলছে এবং মামলা দায়েরসহ পরবর্তী কঠোর আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...