Logo Logo

সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে— প্রত্যাশা মির্জা ফখরুলের


Splash Image

একটি সুখী, সমৃদ্ধ ও জনকল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের পূর্বে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি তাঁর এই স্বপ্নের কথা জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সরকার গঠন করা বিএনপির একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফলে ভোটাভুটি শেষে তিনিই দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে মির্জা ফখরুল বলেন, "আমি এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখি যা হবে সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র। যেখানে প্রান্তিক জনগোষ্ঠী, খেটে খাওয়া মানুষ ও শ্রমজীবীরা দুই বেলা পেট ভরে খেতে পারবে এবং নিরাপদে বসবাস করতে পারবে।" তিনি আরও যুক্ত করেন, "আমাদের বিশাল তরুণ সমাজের কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী সমাজের জন্য আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তারেক রহমানের নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল ও জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে।"

নিজের রাজনৈতিক যাত্রা ও অর্জন স্মরণ করে তিনি মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। একই সাথে দীর্ঘ সংগ্রাম ও আন্দোলন-সংগ্রামে পাশে থাকার জন্য দেশবাসী, গণমাধ্যমকর্মী এবং সব শ্রেণি-পেশার মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

দীর্ঘদিনের দলীয় রাজনীতির আঙিনা ছেড়ে বঙ্গভবনে যাওয়ার প্রাক্কালে আবেগাপ্লুত হয়ে মির্জা ফখরুল বলেন, "আজকের এই দিনে আমার সবচেয়ে বেশি মনে পড়ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। এই মহীয়সী নারী ও প্রথম নারী মুক্তিযোদ্ধার সান্নিধ্য ও স্নেহ আমি পেয়েছি। ক্ষণে ক্ষণে তাঁর কথা মনে পড়ে মন কেঁদে ওঠে।"

বামধারার ছাত্ররাজনীতি থেকে উঠে আসা মির্জা ফখরুল প্রথমে ভাসানী ন্যাপের রাজনীতিতে যুক্ত থাকলেও পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেন। দীর্ঘ রাজনৈতিক পরিক্রমায় বেগম খালেদা জিয়ার বিশ্বাস ও আস্থা অর্জন করে তিনি দলটির মহাসচিব পদে দায়িত্ব পান। ২০০১ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি খালেদা জিয়ার মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন এবং সম্প্রতি তারেক রহমানের মন্ত্রিসভায় স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন।

উল্লেখ্য, বেলা দুপুর ২টা থেকে জাতীয় সংসদের সংসদ কক্ষে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার ও রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দীনের পরিচালনায় বিকেল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ প্রক্রিয়া চলে।

রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হতে যাচ্ছে। বিগত কয়েকদিন ধরেই হেয়ার রোডের ৩৫ নম্বর বাসভবনে তাঁর সাথে দেখা করতে ও শুভকামনা জানাতে ঠাকুরগাঁওসহ উত্তরাঞ্চলের নেতা-কর্মীদের ঢল নামে। এর আগে তিনি বিএনপির সংসদীয় দলের শেষ সভায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...