Logo Logo

কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধকে মারধর ও হত্যার হুমকি


Splash Image

মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধকে মারধর এবং তার পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মান্নান বেপারী (৭৯) বাদী হয়ে কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি উপজেলার পূর্ব কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা আঃ গনি বেপারীর ছেলে আব্দুল মান্নান বেপারীর সঙ্গে একই এলাকার নাদিয়া সুলতানা (৩৫), আমিনুল ইসলাম বাবু বেপারী (৪০), সাজ্জাদ হোসেন (২৭) ও হান্নান মিয়া (৬৫)-এর দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ নিয়ে মাদারীপুরের দেওয়ানি আদালতে ৯৬/১১ নম্বর একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, সম্প্রতি আব্দুল মান্নান বেপারীর বসতবাড়ির সামনের ডোবা দিয়ে একটি গাছের গুঁড়ি ভেসে যাওয়ার সময় তাদের গৃহপরিচারিকা মঞ্জিলা বেগম সেটি তোলার চেষ্টা করেন। এ সময় অভিযুক্তরা ঘটনাস্থলে এসে মঞ্জিলা বেগমের ওপর চড়াও হন। তিনি এর প্রতিবাদ করলে তাকে মারধর করে আহত করা হয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

অভিযোগে আরও বলা হয়, এ ঘটনার পর আব্দুল মান্নান বেপারীর পরিবারের সদস্যরা সেখানে এগিয়ে এলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার ও মারধর করা হয়। একপর্যায়ে অভিযুক্তরা পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি এবং মিথ্যা নারী নির্যাতন মামলায় হয়রানি করার ভয় দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

আব্দুল মান্নান বেপারী বলেন, “আমাকে মারধর করা হয়েছে। পরে চিকিৎসা নিয়েছি। আমার পরিবারের লোকজনকেও হত্যার হুমকি দেওয়া হয়েছে।”

তবে অভিযুক্ত নাদিয়া সুলতানার মা ফাহিমা বেগম অভিযোগ অস্বীকার করে বলেন, জমিজমা নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আদালত যে রায় দেবেন, তারা তা মেনে নেবেন।

এ বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...