Logo Logo

বইকে নিজের পরম বন্ধু বানিয়ে নাও— কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনায় জিয়াউদ্দিন হায়দার


Splash Image

ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক জেলা পর্যায়ের সেমিনার এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বইকে পরম বন্ধু হিসেবে গ্রহণ করে বড় স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা পরিষদ, পৌরসভা ও সব উপজেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।

সেমিনারে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষার পরিবেশ আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ ঝালকাঠি জেলায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১৪১ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে ড. এস এম জিয়াউদ্দিন হায়দার শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে নিজের জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, বড় স্বপ্ন দেখতে হবে। শিক্ষার্থীদের মধ্য থেকেই ভবিষ্যতে ডাক্তার, প্রকৌশলী ও বিজ্ঞানী তৈরি হবে, যারা পরিবেশবান্ধব ইলেকট্রিক গাড়ির মতো বড় প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে নিরলসভাবে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।

নিজের জীবনের উদাহরণ দিয়ে তিনি বলেন, ঝালকাঠির মতো মফস্বল শহর থেকে কতদূর যাওয়া সম্ভব—এমন প্রশ্ন অনেকের মনেই থাকতে পারে। তিনিও প্রত্যন্ত অঞ্চলের একটি প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা শুরু করেছিলেন। পরবর্তী সময়ে বিশ্বব্যাপী কাজ করার সুযোগ পেয়েছেন এবং বিশ্বের ৬২টি দেশ ভ্রমণ করেছেন। তিনি বলেন, তিনি যদি পারেন, তাহলে শিক্ষার্থীরাও অবশ্যই পারবে।

শিক্ষার্থীদের জীবনে সফল হওয়ার জন্য উদার মানসিকতা, চেষ্টা ও কঠোর পরিশ্রমের গুরুত্ব তুলে ধরে ড. জিয়াউদ্দিন বলেন, বইকে নিজের পরম বন্ধু বানাতে হবে। প্রকৃতির বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতে হবে এবং সেসব প্রশ্নের উত্তর নিজে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। ভুলকে ভয় না পেয়ে ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রথমবার সফল না হলেও হাল ছেড়ে দেওয়া যাবে না। বরং কীভাবে নিজেকে আরও উন্নত করা যায়, সে বিষয়ে সবসময় চিন্তা করতে হবে।

মানবিক মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের পিছিয়ে পড়া ও দুর্বল সহপাঠীদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, একা সফল হওয়ার চেয়ে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার আনন্দ অনেক বেশি। অন্যায়ের কাছে মাথা নত না করে দুর্বল মানুষের পাশে দাঁড়াতে হবে এবং জীবনে সবসময় বিনয়ী থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়েজিদ ইবনে আকবর, জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শাহিনুল ইসলাম মজুমদার। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন।

এ সময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও পৌর প্রশাসক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, কাঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, জেলা শিক্ষা অফিসার (অ.দা) আবু সাঈদ, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি মো. আককাস সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতী শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও বৃত্তির সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা ভবিষ্যতে নিজেদের মেধা, জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...