Logo Logo

ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করলেন ড. জিয়াউদ্দিন হায়দার


Splash Image

ঝালকাঠিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পরিচালিত 'প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়' সরেজমিন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।


বিজ্ঞাপন


বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের ফকির বাড়ি রোডে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

পরিদর্শনকালে ড. জিয়াউদ্দিন হায়দার বিশেষ চাহিদাসম্পন্ন ও অটিজম শিক্ষার্থীদের সাথে সরাসরি কুশল বিনিময় করেন। তিনি তাদের পড়াশোনা, সার্বিক পরিচর্যা এবং দৈনন্দিন কার্যক্রমের খোঁজখবর নেন। এ সময় তিনি শিশুদের সাথে অত্যন্ত আনন্দঘন পরিবেশ গড়ে তোলেন এবং শিশুদের পরিবেশিত গান ও আবৃত্তি শুনে তাদের মেধার প্রশংসা করে উৎসাহিত করেন।

পরবর্তীতে তিনি শিক্ষক ও অভিভাবক মণ্ডলীর সাথে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা, অবকাঠামোগত অবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে বিশদ আলোচনা হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে আরও অধিক সহায়ক ও শিশুবান্ধব পরিবেশ তৈরিতে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

পরিদর্শন শেষে বিদ্যালয় চত্বরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিষ্ঠানের বর্তমান কার্যক্রম, শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক মো. শাহাদাৎ হোসেন, যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী সংগঠন 'লাভ শেয়ার বিডি'-এর সভাপতি জাহিদ হোসেন খান, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি এবং প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসীমসহ অনেকে। বিদ্যালয়ের দাতা সদস্য আজমির হোসেন তালুকদারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...