বিজ্ঞাপন
আজ শনিবার (২২ আগস্ট) পুলিশ আসামীদের আদালতে হাজির করলে বিচারক তাদের জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পুলিশ কড়া নিরাপত্তায় তাদেরকে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠায়।
এর আগে গতকাল শুক্রবার (২১ আগস্ট) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় মিছিল বের করার সময় পুলিশ তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের ঠান্ডা মোল্লার ছেলে রাতুল মোল্লা, আহমেদ শেখের ছেলে মুন্না শেখ, মোহাম্মদ রিপন শেখের ছেলে রিফাত শেখ, মাঝিগাতি গ্রামের জাকির শেখের ছেলে রিশাদ শেখ, চর সোনাকুড় গ্রামের শারাফত শেখের ছেলে মেহেদী হাসান এবং রমজান আলীর ছেলে হৃদয় খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে গোপালগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বাজুনিয়া গ্রামের মনা মার্কেট এলাকায় একটি মিছিল বের করেন। মিছিলে তারা ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাই’ সহ বিভিন্ন ধরনের কটূক্তিমূলক স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, "কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি মিছিলের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। পরে আটককৃতদের সন্ত্রাস দমন আইনে দায়ের করা পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে চালান করা হয়।" এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...