বিজ্ঞাপন
আগামী ৩ অক্টোবর ভারতের কলকাতার সল্টলেক স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে ব্রাজিল। এর আগে ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় দুটি ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাওদের। কলকাতার ভেন্যু পরিদর্শনের কাজ শেষ করে নিজ দেশে ফেরার পথে ট্রানজিট হিসেবে আকস্মিকভাবে ঢাকায় আসেন ব্রাজিলের পাঁচ কর্মকর্তা। বিমানবন্দর থেকে সরাসরি স্টেডিয়ামে গিয়ে প্রায় আধঘণ্টারও বেশি সময় ধরে সামগ্রিক সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন তারা। ঢাকায় কয়েক ঘণ্টা বিশ্রামের পর রাতেই তাদের ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। এছাড়া সন্ধ্যায় নবনির্বাচিত বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে প্রতিনিধি দলের একটি সৌজন্য বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাফুফের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, ব্রাজিল প্রতিনিধি দল বাংলাদেশকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করে ম্যাচ খেলার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। শুধু তাই নয়, ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার বিষয়েও তারা আগ্রহ প্রকাশ করেছে। মাঠের বর্তমান প্রস্তুতি ও পরিবেশের পুরো চিত্র তারা নিজেদের ফেডারেশনকে জানাবে এবং প্রয়োজনে ভেন্যু আরও প্রস্তুত হলে আবারও পরিদর্শনে আসার কথা জানিয়েছে।
এদিকে অস্ট্রেলিয়া সফর শেষে ভারত যাওয়ার পথে ব্রাজিলের মূল দল ঢাকায় পা রাখবে কি না—তা নিয়ে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে। ৩০ সেপ্টেম্বর বা ১ অক্টোবর তারা ঢাকায় নেমে অনুশীলন শেষে ভারতে যাবে, নাকি ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক ম্যাচের জন্য বাংলাদেশে আসবে, তা জানতে ফেডারেশনের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করতে হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...