Logo Logo

মুকসুদপুরের গোবিন্দপুরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


Splash Image

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন


‘মাদককে না বলুন, সুস্থ-সুন্দর সমাজ গড়ুন’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে মাদকের ভয়াবহতার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

রোববার (২৩ আগস্ট) বিকেলে গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঢাকা-খুলনা মহাসড়কে এ মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি স্কুল-কলেজের শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং যুবসমাজের প্রতিবাদী জনতা অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম রাজু, দপ্তর সম্পাদক আবদুল কাইয়ুম শরীফ, গোবিন্দপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ওবায়দুল ইসলাম, সদস্য সচিব এম মিঠু লস্কর, মুকসুদপুর উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক মো. বাচ্চু শেখ, মফিজুর রহমান ফরিদ মুন্সিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের ছোবল থেকে যুবসমাজ ও শিক্ষার্থীদের রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করার পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি। এ জন্য শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি স্তরের মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও যুবসমাজ মাদককে ‘না’ বলার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রতিবেদক- পরেশ বিশ্বাস, মুকসুদপুর, গোপালগঞ্জ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...