Logo Logo

ভারতে ফের বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ জনতা পার্টির


Splash Image

সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় ভারতে আবারও বড় ধরনের শান্তিপূর্ণ আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরবর্তী কর্মসূচি নির্ধারণে সোমবার (২৪ আগস্ট) দলটির জাতীয় ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বিজ্ঞাপন


সিজেপির অভিযোগ, আগের আন্দোলন স্থগিত করার সময় সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলোর গুরুত্বপূর্ণ অংশ এখনও বাস্তবায়ন করা হয়নি। এ পরিস্থিতিতে নতুন করে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি নিতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে দলটি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ আন্দোলন স্থগিতের সময় নরেন্দ্র মোদি সরকারের পক্ষ থেকে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বেশিরভাগই এখনও পূরণ হয়নি বলে দাবি করেছে সিজেপি। বিশেষ করে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত প্রতিশ্রুতি দেওয়ার বিষয়গুলো এখনও অনিষ্পন্ন রয়েছে।

সরকারের প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয়েছে, তা পর্যালোচনা এবং পরবর্তী কর্মসূচি নির্ধারণের জন্যই সোমবার জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে দলটি। রোববার (২৩ আগস্ট) দেওয়া এক বিবৃতিতে সিজেপি জানায়, সরকারকে প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধ্য করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে দেশজুড়ে আবারও শান্তিপূর্ণ আন্দোলন শুরু করার বিষয়টিও রয়েছে।

এর আগে সরকারি আশ্বাসের ভিত্তিতে গত ২৫ জুলাই প্রাথমিক আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে পরবর্তী সময়ে ‘কেন্দ্রীয় সরকারের আচরণে গভীর উদ্বেগ’ প্রকাশ করে দলটি। এখন শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের নতুন করে প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

সিজেপি নেতাদের দাবি, গত ১৮ আগস্ট সুপ্রিম কোর্টে অনুষ্ঠিত একটি শুনানির পর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। তাদের ভাষ্য, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো নিষ্পত্তিতে আদালত বারবার সরকারের সহযোগিতা চেয়েছে।

দলটির দাবি, দেশজুড়ে শিক্ষার্থী ও বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআরগুলোর একটি সমন্বিত তালিকা দিতে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে তিনবার নির্দেশ দিয়েছে। এই তালিকা পেলে সংবিধানের ১৪২ অনুচ্ছেদে দেওয়া বিশেষ ক্ষমতা প্রয়োগ করে আদালত একবারেই সব মামলা বাতিল করতে পারে বলে জানিয়েছে সিজেপি।

তবে আদালতের বারবার অনুরোধ সত্ত্বেও মোদি সরকার ওই তালিকা জমা দেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেয়নি বলে অভিযোগ দলটির। সিজেপি আরও জানায়, তাদের প্রাথমিক আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ হলেও আন্দোলন-সংশ্লিষ্ট আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি এখনও পূরণ হয়নি।

দলটির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে আন্দোলন-সংশ্লিষ্ট সব এফআইআর পুরোপুরি প্রত্যাহার বা বাতিল, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য সম্মানজনক ক্ষতিপূরণের লিখিত নিশ্চয়তা। এসব বিষয়ে সরকারের প্রতিনিধিরা এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সঙ্গে যোগাযোগ করেননি বলেও দাবি করেছে সিজেপি।

সিজেপি বলেছে, আগের আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত ছিল তাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ। তবে সেই সদিচ্ছাকে দুর্বলতা হিসেবে বিবেচনা না করার জন্য সরকারকে সতর্ক করেছে দলটি। তাদের ভাষ্য, শান্তিপূর্ণ আন্দোলন বন্ধের প্রতিশ্রুতি দিয়ে পরে রাজপথ ফাঁকা হয়ে গেলে সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে একটি পুরো প্রজন্মকে অপমান করার সুযোগ মোদি সরকারকে দেওয়া হবে না।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...