Logo Logo

পাইকগাছায় ৫৮ বছর পর ১০ একর ভিপি জমি উদ্ধার


Splash Image

খুলনার পাইকগাছায় দীর্ঘ ৫৮ বছর রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন ব্যক্তির দখলে থাকা সরকারি ১০ দশমিক ৬০ একর ভিপি (অর্পিত) জমি উদ্ধার করে ইজারা দিয়েছে উপজেলা ভূমি অফিস। উদ্ধার করা ওই জমি ইজারা দেওয়ার মাধ্যমে সরকারি কোষাগারে এককালীন ৩ লাখ ৪৬ হাজার ৩৫৬ টাকা রাজস্ব জমা হয়েছে।


বিজ্ঞাপন


উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার লতা ইউনিয়নের হাড়িয়া মৌজায় ১৯৪/৬৭-৬৮ নম্বর ভিপি লিজ মামলার আওতাধীন ১১৭ ও ১১৯ নম্বর খতিয়ানের ৪১২, ৬৩১, ৬৮১সহ অন্যান্য দাগে মোট ১০ দশমিক ৬০ একর জমি ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত রয়েছে। দীর্ঘদিন ধরে ওই জমি বিভিন্ন ব্যক্তি রাজস্ব ফাঁকি দিয়ে দখলে রেখে ধান ও মাছ চাষ করে আসছিলেন।

ভূমি অফিস সূত্র জানায়, ২০২৫ সালে খুলনা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নির্দেশনা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পরামর্শে সরকারি ভিপি ও খাসজমি উদ্ধারে কার্যক্রম শুরু করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। এর ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন মৌজায় থাকা ভিপি জমির ‘ক’ তফসিলভুক্ত সম্পত্তির সেন্সর তালিকা যাচাই করে হাড়িয়া মৌজার জমিটি উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

পরে সংশ্লিষ্ট জমি উদ্ধার করে সরকারি সার্ভেয়ার দিয়ে পরিমাপ করা হয়। পরিমাপ শেষে জমিতে সরকারি সাইনবোর্ড স্থাপন করা হয়। এভাবে দীর্ঘদিনের দখলমুক্ত করে জমিটি সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়।

ভূমি অফিসের পক্ষ থেকে সরকারি সম্পত্তি উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছর জমিগুলো ইজারা দেওয়া হয়। ইজারা গ্রহীতারা হলেন মেহেরুন নেছা, জাহিদ হাসান নয়ন, শেখ সওকত হোসেন, ফাতেমা আক্তার, শাহিলা আক্তার, হোসনেয়ারা বেগম, মুনসুর আলী মোড়ল, রেজাউল মোড়ল, হাফিজুর রহমান ও গোপাল চন্দ্র সরকার।

ইজারা গ্রহীতারা বাংলা ১৩৭৫ থেকে ১৪৩২ সাল পর্যন্ত নির্ধারিত মেয়াদের জন্য এককালীন মোট ৩ লাখ ৪৬ হাজার ৩৫৬ টাকা সরকারি রাজস্ব জমা দিয়ে জমির দখল বুঝে নিয়েছেন। সরকারি শর্ত বজায় রাখায় ১৪৩৩ সনের ইজারা গ্রহণ করে সংশ্লিষ্ট ইজারাদারগণ শান্তি পূর্ণ ভাবে ভোগদখলেও আছেন।

ইজারাদার রেজাউল মোড়ল জানান, সরকারি সকল শর্ত ও নিয়ম মেনে আমরা ইজারাকৃত জমিতে শান্তিপূর্ণ ভাবে ভোগ দখলে আছি। কিন্তু কতিপয় অবৈধ দখলে থাকা লোকজন উক্ত সম্পত্তি থেকে আমাদের উচ্ছেদ করতে বিভিন্ন ভাবে হয়রানি করছে। বেদখল করা সহ জানমালের ক্ষয়ক্ষতি করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

পাইকগাছা উপজেলা সহকারী কমিশনার ভূমি ফজলে রাব্বি জানান, সরকারি সম্পত্তি উদ্ধার ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে একদিকে দীর্ঘদিনের অবৈধ দখলমুক্ত করা সম্ভব হয়েছে, অন্যদিকে এসব জমি ইজারা দেওয়ার মাধ্যমে সরকার নিয়মিত রাজস্ব আদায়ের সুযোগ পেয়েছে। উপজেলার বিভিন্ন মৌজায় সরকারি ভিপি সম্পত্তি উদ্ধারের কাজ চলমান রয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...