Logo Logo

ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, নড়াইলে ছাত্রদল নেতা বহিষ্কার


Splash Image

নড়াইলের লোহাগড়া উপজেলায় ইয়াবা সেবনের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর জিএম মাশরাফি নামে এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে নড়াইল জেলা ছাত্রদল।


বিজ্ঞাপন


সোমবার (২৪ আগস্ট) রাতে নড়াইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত জিএম মাশরাফি লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ছিলেন। তিনি লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের বেপারীপাড়ার বাসিন্দা।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সানি।

জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) জিএম মাশরাফির ইয়াবা সেবনের একটি ভিডিও ও কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ভিডিও ও ছবি দ্রুত ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

এ ঘটনায় জিএম মাশরাফির বক্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে ভাইরাল হওয়া ভিডিও ও ছবির বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

নড়াইল জেলা ছাত্রদলের প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লোহাগড়া সরকারি আদর্শ কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক জিএম মাশরাফিকে তার সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান সানি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল এবং সদস্য সচিব মো. মামুন গাজীর নির্দেশনায় এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

ভিডিও ভাইরাল হওয়ার পর দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে বহিষ্কৃত ছাত্রদল নেতার বক্তব্য পাওয়া গেলে এ বিষয়ে তার অবস্থানও জানা সম্ভব হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...