বিজ্ঞাপন
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই রদবদলের তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে গত ১৯ জুলাই প্রথম প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল। সেখানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে চার বছর অথবা বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত গোবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
তবে সেই প্রজ্ঞাপনের ৩৭ দিনের মাথায় ২৫ আগস্ট নতুন আরেকটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এতে অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয় এবং একই সাথে তাঁকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ অক্টোবর অধ্যাপক ড. মো. সোহেল হাসান গোবিপ্রবির প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উভয় প্রজ্ঞাপনেই নবনিযুক্ত উপাচার্যদের বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থানের শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনবোধে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন বলেও উল্লেখ রয়েছে। তবে অধ্যাপক ড. মো. নাজমুস সাদাতকে দায়িত্ব দেওয়ার মাত্র ৩৭ দিনের মাথায় কেন অপসারণ করা হলো, সে বিষয়ে মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে স্পষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
হঠাৎ এই উপাচার্য পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামুজ্জামান জানান, এ বিষয়ে মন্তব্য করার এখতিয়ার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই। মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে যে ধরনের প্রশাসনিক নির্দেশনা আসে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কেবল তা-ই বাস্তবায়ন করে থাকে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...