Logo Logo

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক নয়


Splash Image

রাতারাতি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বৈপ্লবিক পরিবর্তন আশা করা যায় না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সংঘটিত এমন কোনো অপরাধের ঘটনা নেই, যার পর পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি কিংবা তাদের বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে।


বিজ্ঞাপন


বুধবার (২৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চব্বিশের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সরকার যে আইনশৃঙ্খলা বাহিনীকে উত্তরাধিকারসূত্রে পেয়েছে, তখনকার বিশৃঙ্খল পরিস্থিতি এবং জনগণের আকাশসম উচ্চ প্রত্যাশা—সবকিছু একসঙ্গে বিবেচনায় নিয়েই কাজ করতে হচ্ছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনে তাদের উৎসাহিত করার কাজ একযোগে চলছে।

সরকারের ছয় মাসের কার্যক্রম তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, দায়িত্ব নেওয়ার পর এমন কোনো অপরাধের ঘটনা ঘটেনি, যার পরপরই পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা বিচারের আওতায় আনতে ব্যর্থ হয়েছে। এটিকে বর্তমান সরকারের অন্যতম কৃতিত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, ভঙ্গুর মনোবল ও দুর্বল অবস্থায় পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে পাওয়া গেলেও গত ছয় মাসে তাদের অবস্থার উন্নতি করা সম্ভব হয়েছে। তাদের মনোবল ফিরে এসেছে এবং তারা পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে কাজ করছে।

রংপুরের একটি ঘটনাসহ জাতীয়ভাবে আলোচিত বিভিন্ন অপরাধের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসা হত্যা থেকে শুরু করে আলোচিত ও অনালোচিত প্রতিটি অপরাধের ঘটনায় যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযুক্তদের আইনি প্রক্রিয়ার আওতায় এনে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী সংক্ষিপ্ত সময়ে বিচারিক কার্যক্রম শেষ করতে সরকার সহযোগিতা করেছে। এত অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি কিছু প্রত্যাশা করাও ঠিক হবে না।

পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশের পুলিশ বাহিনী জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি জনবান্ধব বাহিনীতে পরিণত হবে।

তিনি জানান, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর আইনি কাঠামোতেও প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে। একই সঙ্গে তাদের জবাবদিহিতা ও কর্মকাণ্ডে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ভালো কাজের স্বীকৃতি হিসেবে সদস্যদের পুরস্কার, অ্যাওয়ার্ড, সনদ ও পদক দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না। তবে প্রধানমন্ত্রী ও গণমানুষের নেতা তারেক রহমানের নেতৃত্ব ও নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এমন পর্যায়ে উন্নীত করা হবে, যাতে জনগণের প্রত্যাশা পূরণ হয় এবং আইনশৃঙ্খলা বাহিনী সত্যিকার অর্থে জনবান্ধব বাহিনী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

এ জন্য সবাইকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশেষ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করলে অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে আরও কার্যকরভাবে কাজ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...