Logo Logo

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ


Splash Image

ঢাকা মহানগরীর দীর্ঘদিনের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে সাতটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্ধারিত সময়ের মধ্যে এসব উদ্যোগ বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।


বিজ্ঞাপন


শনিবার (২৯ আগস্ট) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে এসব নির্দেশনা দেওয়া হয়।

বৈঠকে ঢাকা মহানগরীর চলমান যানজট, গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং সুবিধা এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এসব তথ্য জানান।

বৈঠকে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইটিসি (ইলেকট্রনিক টোল কালেকশন) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এর মাধ্যমে টোল আদায় প্রক্রিয়াকে আরও দ্রুত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হবে। এ জন্য একটি অ্যাপ তৈরির সিদ্ধান্ত হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে কাজটি সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিরসনেও পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এ ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগে যে প্রতিবেদন তৈরি করেছিল, তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। বুয়েটকে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করে এ প্রকল্প বাস্তবায়ন করা হবে। স্থায়ী বাস টার্মিনাল নির্মাণে সময় লাগায় আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এ ছাড়া যানবাহন ব্যবস্থাপনার সক্ষমতা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত হয়েছে। দ্রুত এ কাজ বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তরের সিদ্ধান্তও হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সচিবালয়ের চারপাশে যানজট নিয়ন্ত্রণে পার্কিং ব্যবস্থার উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়। এ লক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং সুবিধা চালুর সম্ভাবনা যাচাইয়ের সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের স্থান খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকায় অটোরিকশা চলাচল আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে রাজধানীর যানজট নিরসনে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় জোরদার এবং নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...