বিজ্ঞাপন
আজ রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সেশনজট ও অব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা বিভাগটির চেয়ারম্যানের কক্ষ, শ্রেণিকক্ষ এবং প্রশাসনিক অফিসে তালা দেন। পরে তারা উপাচার্যের কার্যালয়ের সামনে ব্যানার টাঙিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। উপাচার্য কার্যালয়ে অনুপস্থিত থাকায় শিক্ষার্থীদের সাথে প্রক্টরের মাধ্যমে ফোনে কথা বলেন এবং বিষয়টি সুরাহার জন্য ২৪ ঘণ্টার সময় নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগে দীর্ঘদিন ধরে তীব্র সেশনজট ও সার্বিক প্রশাসনিক স্থবিরতা বিরাজ করছে। ইতিপূর্বে সেশনজট নিরসনে চেয়ারম্যান লিখিত প্রতিশ্রুতি দিলেও সদিচ্ছার অভাবে কোনো বাস্তবায়ন হয়নি। এ ছাড়া প্রতি বছর শিক্ষার্থীপ্রতি ১২০০ টাকা করে উন্নয়ন ফি নেওয়া হলেও বিগত ১০ বছরে শ্রেণিকক্ষে সামান্য একটি পর্দা টাঙানো ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন ঘটেনি। একই সঙ্গে শিক্ষাকার্যক্রমে চরম পক্ষপাতিত্ব এবং শিক্ষার্থীদের সমস্যা নিরসনে চেয়ারম্যানের উদাসীনতার অভিযোগ আনা হয়।
আন্দোলনরত শিক্ষার্থী কাজী মনোয়ার বলেন, "পূর্বে সেশনজট নিরসনে আমাদের লিখিত আশ্বাস দেওয়া হলেও পরবর্তীতে তার প্রতিফলন দেখা যায়নি। আজ প্রক্টর স্যারের মাধ্যমে উপাচার্য স্যারের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষার্থীদের সঙ্গে বসে সুরাহার আশ্বাস দিয়েছেন। তবে আমাদের এক দফা দাবি—চেয়ারম্যানকে অবিলম্বে বিভাগ থেকে অপসারণ করতে হবে।"
তাহসিন নামে আরেক শিক্ষার্থী জানান, "বারবার যোগাযোগ করেও আমরা কোনো কার্যকর সমাধান পাইনি। তাই আমাদের স্পষ্ট দাবি, তিনি যেন সসম্মানে বিভাগ থেকে পদত্যাগ করেন। আমাদের শিক্ষকরা আন্তরিক হওয়া সত্ত্বেও কেবল প্রশাসনিক স্থবিরতার কারণে যথাযথভাবে শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে পারছেন না।"
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মেহদী হাসান সোহাগ জানান, "শিক্ষার্থীদের তাদের অভিযোগ আনুষ্ঠানিকভাবে লিখিত আকারে জমা দিতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক হাফিজ আশরাফুল হক বলেন, মূলত তীব্র শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণেই এই জটিলতা ও সেশনজটের সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের আন্দোলন বা তালা ঝুলানোর মতো চরম পন্থা অবলম্বন না করার আহ্বান জানান তিনি।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...