Logo Logo

গোপালগঞ্জে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার


Splash Image

গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর রাব্বি (৭) নামে এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।


বিজ্ঞাপন


আজ রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার বারাইল এলাকায় নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত রাব্বি নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং স্থানীয় বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বাবা-মায়ের সঙ্গে হরিদাসপুরে মামার বাড়িতে বেড়াতে আসে রাব্বি। গতকাল শনিবার দুপুরে সমবয়সী এক প্রতিবেশী শিশুর সঙ্গে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামে সে। গোসলের একপর্যায়ে নদীর তীব্র স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় শিশুটি।

ঘটনার পর স্থানীয় ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয় ইউনিটে ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। পরবর্তীতে মাদারীপুর থেকে ডুবুরি দল এসে মধুমতি নদীতে দীর্ঘ সময় তল্লাশি চালালেও শনিবার শিশুটির কোনো সন্ধান মেলেনি।

আজ রোববার সকালে বারাইল এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে শিশু রাব্বির মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

কোমলমতি শিশু রাব্বির এমন অকাল মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...