Logo Logo

বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর উদ্বোধন


Splash Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা ও সাম্য-মানবতার আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে বরিশালের বাকেরগঞ্জে অত্যন্ত বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন


সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বাকেরগঞ্জ জেএসইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি আনন্দ র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়।

র‍্যালি পরবর্তী উপজেলা মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে ফিতা কেটে ও প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে নজরুল বর্ষের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, মানবতাবাদ, অসাম্প্রদায়িকতা এবং শোষণ-বঞ্চনার বিরুদ্ধে তাঁর বলীয়ান ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, “জাতীয় কবির শিল্প-সাহিত্য, সংস্কৃতি, গভীর দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা আমাদের জাতীয় জীবনের অন্যতম পাথেয়। তাঁর এই কালজয়ী ভাবধারাকে কোমলমতি শিক্ষার্থী ও নতুন প্রজন্মের হৃদয়ে গভীরভাবে গেঁথে দিতেই এই জাতীয় উদযাপনের রূপরেখা গ্রহণ করা হয়েছে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার (শাহিন), উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা।

আলোচনা পর্বের সমাপ্তি শেষে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পী ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কবির কালজয়ী কবিতা আবৃত্তি, সংগীত ও আবহে একক ও দলগত বিভিন্ন নান্দনিক পরিবেশনা উপস্থাপন করে।

প্রতিবেদক- মোঃ জাহিদুল ইসলাম, বরিশাল।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...