Logo Logo

শান্তিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ কাভার্ড ভ্যান জব্দ


Splash Image

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিজিবির এক বিশেষ টাস্কফোর্স অভিযানে কাভার্ড ভ্যান ভর্তি বিপুল পরিমাণ চোরাই ভারতীয় উন্নতমানের শাড়ি জব্দ করা হয়েছে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর পরিচালিত এই অভিযানে কাভার্ড ভ্যানের ভেতর থেকে মোট ২ হাজার ৬৮৪ পিস শাড়ি উদ্ধার করা হয়।


বিজ্ঞাপন


উদ্ধারকৃত ভারতীয় শাড়ি ও জব্দকৃত কাভার্ড ভ্যানটির সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি।

বিজিবি সূত্রের বরাতে জানা যায়, সোমবার (৩১ আগস্ট) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ এলাকা শান্তিগঞ্জে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যান শনাক্ত করে তা তল্লাশি চালানো হলে এসব মূল্যবান ভারতীয় শাড়ি বেরিয়ে আসে।

অভিযান পরিচালনাকালে ঘটনাস্থলে কাভার্ড ভ্যানটির মালিক, চালক বা চোরাচালানের সাথে সরাসরি জড়িত কাউকেই খুঁজে পাওয়া যায়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ উপায়ে এসব শাড়ি বাংলাদেশে আনা হয়েছিল এবং কাভার্ড ভ্যানের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন বাজারে সরবরাহের পরিকল্পনা ছিল। এর মাধ্যমে সরকারকে বিপুল অংকের রাজস্ব বঞ্চিত করার অপচেষ্টা চালানো হচ্ছিল বলে ধারণা করছে কতৃপক্ষ।

এই চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর সহকারী পরিচালক (বিজিডিও-৩২৩) মো. সেলিম রানাসহ বিজিবির মোট ১০ জনের একটি প্রতিনিধি দল সক্রিয়ভাবে অংশ নেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি ভারতীয় চোরাই পণ্যের অনুপ্রবেশ ঠেকাতে এবং সরকারের রাজস্ব ক্ষতি রোধে বিজিবির নিয়মিত নজরদারি ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত অপরাধ, মাদক ও চোরাচালান চক্রের বিরুদ্ধে বিজিবি ভবিষ্যতেও কঠোর অবস্থানে থাকবে।

জব্দ করা কাভার্ড ভ্যান ও বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি আইনগত প্রক্রিয়া সম্পন্নপূর্বক সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...