বিজ্ঞাপন
স্প্যানিশ জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো টিভি’র এক বিশেষ প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। গণমাধ্যমটির সাংবাদিক জর্দি জোতার দাবি, আতলেতিকো মাদ্রিদ কর্তৃপক্ষ যে আলভারেজকে অন্য ক্লাবের সঙ্গে আলোচনার জন্য লিখিত অনুমতিপত্র দিয়েছে, সেই আনুষ্ঠানিক নথিটি তিনি নিজ চোখে দেখেছেন। এর ফলে কাতালান ক্লাবটিতে আলভারেজের পাড়ি জমানোর পথ এখন অনেকটাই সুগম হলো।
চলতি গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা আলভারেজ নিজেও গোপন করেননি। আর্জেন্টাইন এই তারকার প্রথম পছন্দ ছিল ক্যাম্প ন্যু। তবে লা লিগার সরাসরি প্রতিদ্বন্দ্বীর শক্তি যাতে বৃদ্ধি না পায়, সেজন্য মাদ্রিদের ক্লাবটি আলভারেজকে ছাড়তে রাজি ছিল না। কিন্তু খেলোয়াড়ের ব্যক্তিগত ইচ্ছা এবং সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে ক্লাব কর্তৃপক্ষ তাদের কঠোর অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল জয়ের পর নতুন চ্যালেঞ্জ নিতে ২০২৪ সালে আতলেতিকো মাদ্রিদে নাম লিখিয়েছিলেন আলভারেজ। এরপর ডিয়েগো সিমিওনের দলের অন্যতম প্রধান চালিকাশক্তি হয়ে ওঠেন তিনি। আতলেতিকোর জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৭ ম্যাচে ৪৯টি গোলের পাশাপাশি ১৭টি অ্যাসিস্ট রয়েছে তার নামের পাশে। ২০৩০ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি থাকা সত্ত্বেও ফের নিজের ক্যারিয়ারে নতুন দিগন্ত খুঁজছেন এই ফরোয়ার্ড।
এদিকে আলভারেজকে দলে ভেড়াতে জোর তৎপরতা চালিয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালও। গানার কোচ মিকেল আরতেতা বিশ্বমানের একজন আক্রমণভাগের তারকা হিসেবে তাকে লন্ডনে নিয়ে আসতে চেয়েছিলেন। তবে আলভারেজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি আর ইংল্যান্ডে ফিরতে আগ্রহী নন। খেলোয়াড়ের এমন অনীহার কারণে দলবদলের শেষ সময়ে আর্সেনালের প্রস্তাব ভেস্তে যায় এবং বার্সেলোনায় তার যোগদানের সম্ভাবনাই এখন শীর্ষে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...