বিজ্ঞাপন
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আউটডোরে চিকিৎসক দেখানোর সময় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
আটককৃত সিনারা বেগম সিলেট জেলার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকালে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়ন থেকে চিকিৎসা সেবা নিতে আসেন বিবি ফাতেমা নামের এক নারী। টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একদল চোর চক্র তাঁকে ঘিরে ধরে। একপর্যায়ে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির সুযোগ নিয়ে কৌশল অবলম্বন করে তাঁর গলা থেকে দুটি সোনার চেইন খুলে নেওয়া হয়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক চোর চক্রের অন্য সদস্যরা সটকে পড়লেও সন্দেহভাজন হিসেবে সিনারা বেগমকে হাতেনাতে আটক করেন রোগীর স্বজনেরা। পরবর্তীতে তাঁর দেহ তল্লাশি করা হলেও চেইন পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাজীব আহমেদ চৌধুরী জানান, সংবাদ পেয়ে হাসপাতালের ক্যাম্প পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে হেফাজতে নেয়। পরে সুধারাম মডেল থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি চেইন দুটি গিলে ফেলার কথা স্বীকার করেন।
পরবর্তীতে নিশ্চিত হওয়ার জন্য তাঁর এক্স-রে পরীক্ষা করানো হলে পেটের ভেতরে সোনার চেইন দুটির স্পষ্ট অস্তিত্ব ধরা পড়ে। বর্তমানে ওই নারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সার্জারি বিভাগের চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী বিশেষ চিকিৎসাকৌশলে পেটের ভেতরের চেইন দুটি বের করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বলেন, অভিযুক্ত নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবারের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...