ছবিঃ Reuters
বিজ্ঞাপন
নিউ ইয়র্ক সিটি পুলিশ (এনওয়াইপিডি) ও আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা গেছে, স্থানীয় সময় সোমবার বিকেল প্রায় ৪টা ২৪ মিনিটে মিডটাউন ম্যানহাটনের পশ্চিম ৪২ নম্বর সড়ক ও সেভেন্থ অ্যাভিনিউয়ের কাছে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে। হামলার পরপরই ব্যস্ততম বাণিজ্যিক এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বহুতল ভবনের মাঝে পুলিশের জরুরি যানবাহনের সাইরেনে পুরো এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে।
নিহত এরিন পিয়াসেন্টি ব্যাংক অব আমেরিকার 'বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস' বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় দেড় বছর আগে তিনি এই ব্যাংকে যোগ দেন। ঘটনাটি ঘটে ব্যাংকটির ওয়ান ব্রায়ান্ট পার্কের প্রধান কার্যালয়ের অত্যন্ত কাছে। ব্যাংক অব আমেরিকার পক্ষ থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়, "সহকর্মীর এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা স্তব্ধ ও গভীরভাবে মর্মাহত। এরিন একজন দক্ষ ও মূল্যবান সহকর্মী ছিলেন। তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল।"
এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ জানান, হামলাটি ছিল সম্পূর্ণ উদ্দেশ্যহীন এবং আকস্মিক। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, পামেলা সিসেরোস (৪৯) নামের এক মানসিক ভারসাম্যহীন নারী দুটি বড় ছুরি হাতে পথচারীদের ওপর আক্রমণ চালান। এতে এরিন পিয়াসেন্টি মারাত্মকভাবে ছুরিকাহত হন। এছাড়া ৬৮ বছর বয়সী এক ব্যক্তি ছুরিকাঘাতে আহত হলেও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী নারীকে অস্ত্র ফেলে দেওয়ার নির্দেশ দেয়। তবে তিনি নির্দেশ অমান্য করে ছুরি নিয়ে কর্মকর্তাদের দিকে তেড়ে এলে পুলিশ আত্মরক্ষার্থে গুলি চালায়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, ম্যানহাটনের ব্যস্ত এলাকায় শীর্ষ করপোরেট কর্মকর্তাদের ওপর সহিংসতার ঘটনা এটাই প্রথম নয়। গত বছর মিডটাউন ম্যানহাটনের একটি বহুতল ভবনে অ্যাসল্ট রাইফেলধারী বন্দুকধারীর গুলিতে ব্ল্যাকস্টোনের এক শীর্ষ কর্মকর্তা নিহত হন। তার আগে ২০২২ সালে ট্রেনে গোল্ডম্যান স্যাকসের এক কর্মী আকস্মিক গুলিতে প্রাণ হারান এবং ২০২৪ সালে ইউনাইটেডহেলথকেয়ারের সিইও ব্রায়ান থম্পসন ম্যানহাটনের একটি হোটেলের সামনে পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার হন। তবে সাম্প্রতিক সরকারি পরিসংখ্যানে দেখা গেছে, নিউ ইয়র্ক সিটিতে সামগ্রিক অপরাধের হার এবং গুলির ঘটনা আগের তুলনায় অনেকটাই কমে এসেছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...