Logo Logo

কাশিয়ানীতে ১,২০০ ইয়াবাসহ দুই নারী গ্রেফতার, পলাতক ১


Splash Image

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। একই মামলায় একজনকে পলাতক আসামি করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, গোপালগঞ্জের একটি দল অভিযানটি পরিচালনা করে।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, আড়ুয়াকান্দি গ্রামের মো. রাসেল শেখের (৩২) নিজ দখলীয় বসতঘরে অভিযান চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় ঘটনাস্থল থেকে হীরা খানম (২২) ও রুনা বেগম (৪২) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। তবে রাসেল শেখ ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাকে পলাতক আসামি করা হয়েছে।

গ্রেপ্তার হীরা খানম আড়ুয়াকান্দি গ্রামের জামাল মিনার মেয়ে এবং মো. রাসেল শেখের স্ত্রী। অপর গ্রেপ্তার রুনা বেগম একই গ্রামের বাচ্চু খানের স্ত্রী। তার স্থায়ী ঠিকানা ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ডুলকুন্দি গ্রামে। পলাতক মো. রাসেল শেখ আড়ুয়াকান্দি গ্রামের হাবিব শেখের ছেলে।

অভিযান শেষে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বাদী হয়ে গ্রেপ্তার দুই নারী ও পলাতক রাসেল শেখের বিরুদ্ধে কাশিয়ানী থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবার ও মাদক সংরক্ষণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...