বিজ্ঞাপন
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে এই আলোচনা সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আ ন ম ইমরান খান এবং বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের সত্যবাদী হওয়া, মাদক ও কিশোর গ্যাং কালচার থেকে নিজেকে দূরে রাখা, নিয়মিত পড়াশোনায় মনোযোগ দেওয়া এবং স্মার্টফোনের অপব্যবহার পরিহারের শপথ পাঠ করান প্রধান অতিথি পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন। এ সময় শিক্ষার্থীরা সমস্বরে হাত তুলে দেশের আদর্শ নাগরিক হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে।
বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তথ্যপ্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার ও মাদকের বিষবাষ্প। সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব ও মোবাইল আসক্তি অনেক কিশোর-কিশোরীকে ভুল পথে পরিচালিত করছে, যা পরবর্তীতে রূপ নিচ্ছে কিশোর অপরাধে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নৈতিক মূল্যবোধের চর্চা বাড়ানো না গেলে এই সংকট দূর করা সম্ভব নয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও গঠনমূলক সমাজসেবামূলক কাজে আত্মনিয়োগের আহ্বান জানান অতিথিরা।
উল্লেখ্য, টিফিনের টাকা সাশ্রয় করে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই অরাজনৈতিক সংগঠনটি এখন পর্যন্ত সারাদেশের প্রায় ৪৫ লাখ শিক্ষার্থীকে মাদকবিরোধী আন্দোলন, বাল্যবিয়ে রোধ এবং নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করেছে। তাদের এই অভিনব প্রয়াস স্থানীয় অভিভাবক ও সচেতন মহলে প্রশংসিত হয়েছে।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...