Logo Logo

বাকেরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জন্মাষ্টমী উদযাপিত


Splash Image

সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি ‘জন্মাষ্টমী’ বরিশালের বাকেরগঞ্জে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। দ্বাপর যুগে সমাজে বিরাজমান অন্যায়, অবিচার ও অসুরশক্তিকে বিনাশ করে সত্য, ন্যায় ও মানবকল্যাণ প্রতিষ্ঠার মহান বার্তা নিয়ে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। সেই আধ্যাত্মিক চেতনাকে ধারণ করে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তিমূলক সাংস্কৃতিক পরিবেশনা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য আবহে দিনটি পালন করেন স্থানীয় ভক্ত ও পুণ্যার্থীরা।


বিজ্ঞাপন


এ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে বন্দর এলাকার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী আলোচনা সভা, পূজা-অর্চনা এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক সুনীল কুমার দাস ঝন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবুল হোসেন খান। এর আগে প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল।

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, শ্রীকৃষ্ণের জীবনদর্শন কেবল একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়; বরং সমগ্র মানবজাতির জন্য অন্যায়, অসত্য ও শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর এক শাশ্বত নৈতিক অনুপ্রেরণা। সমাজে শান্তি, সৌহার্দ্য ও সামাজিক সমতা বজায় রাখতে তাঁর অহিংস ও ন্যায়ভিত্তিক দর্শনের চর্চা বর্তমান প্রেক্ষাপটেও সমানভাবে প্রাসঙ্গিক।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বাংলাদেশ আবহমানকাল ধরে অসাম্প্রদায়িক চেতনা ও ধর্মীয় সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এই ভূখণ্ডে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মাবলম্বীরা শতাব্দীর পর শতাব্দী ধরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিতে বসবাস করে আসছেন। এখানে ধর্ম যার যার হলেও উৎসব সবার। প্রতিটি সম্প্রদায়ের ধর্মীয় আনন্দ ভাগাভাগি করে নেওয়ার যে অনুপম সংস্কৃতি আমাদের রয়েছে, তা অটুট রেখে সমৃদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল এবং বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান তালুকদার শাহীন ও উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়াসহ জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে অতিথি ও প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে আসা সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...