বিজ্ঞাপন
শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) দুপুরে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, চাটখিল উপজেলা শাখার উদ্যোগে এই বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।
দিনের কর্মসূচির সূচনায় সকালে চাটখিল পৌরসভার শ্রী যুবরাজ মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে একটি আনন্দ শোভাযাত্রা ও র্যালি বের করা হয়। র্যালিটি চাটখিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গৌরনিতাই সেবাশ্রমে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব বাবু নারায়ণ মজুমদার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফ, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল ও সদস্য সচিব আহসানুল হক মাসুদ। এছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান রানা, আলা উদ্দিন ভূঁইয়া, ইমাম হোসেন টিপু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, নোয়াখালী জেলার সদস্য বাবু জয় দেব সূত্রধর। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংগঠনটির নোয়াখালী জেলা শাখার সদস্য বাবু সমীর পাল।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ, বাংলাদেশ, চাটখিল উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু বিজয় মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভাটি সম্পন্ন হয়।
আলোচনা সভায় আমন্ত্রিত বক্তারা শ্রীকৃষ্ণের মহান জীবনাদর্শ, অনাচার দূরীকরণ এবং মানবকল্যাণের চিরন্তন শিক্ষা গভীর শ্রদ্ধার সাথে তুলে ধরেন। একই সাথে দেশে বিদ্যমান আবহমান কালের সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে সকল ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতায় একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের জোর আহ্বান জানান।
উৎসবমুখর এই আয়োজনে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী বিপুলসংখ্যক পুণ্যার্থী অংশ নেন।
প্রতিবেদক- মোঃ সিরাজুল ইসলাম হাসান, চাটখিল, নোয়াখালী।
জনপ্রিয়
বিজ্ঞাপন
পরবর্তী সংবাদ লোড হচ্ছে...