Logo Logo

শিক্ষা হলো ছাত্র-শিক্ষক-অভিভাবকের ত্রিপক্ষীয় চুক্তি: এম এ হান্নান


Splash Image

মোঃ খোকন মিয়া ব্রাহ্মণবাড়িয়া ৫ সেপ্টেম্বর ২০২৬ঃ শিক্ষা শুধু শিক্ষার্থীর একার প্রচেষ্টায় অর্জিত হয় না। ভালো ফলাফলের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নান।


বিজ্ঞাপন


তিনি বলেন, শিক্ষা হলো ছাত্র, শিক্ষক ও অভিভাবকের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি। এই তিন পক্ষের কঠোর সমন্বয় থাকলে একজন শিক্ষার্থী ভালো ফলাফল করতে পারে এবং ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

শনিবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে নাসিরনগর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম এ হান্নান বলেন, ভালো ফলাফলের জন্য যেমন উন্নত শিক্ষা অবকাঠামো প্রয়োজন, তেমনি প্রয়োজন দক্ষ ও পর্যাপ্ত শিক্ষক। নাসিরনগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন হলেও শিক্ষক সংকট রয়েছে। এ কারণে প্রত্যাশিতভাবে শিক্ষার মানোন্নয়ন হচ্ছে না।

তিনি বলেন, ইতোমধ্যে নাসিরনগরের কয়েকটি বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে প্রায় দেড় কোটি টাকার বরাদ্দ আনা হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

ব্রাহ্মণবাড়িয়াস্থ নাসিরনগর উপজেলা সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

প্রফেসর নজির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বপন দেবনাথ। স্বাগত বক্তব্য দেন অ্যাডভোকেট মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুর্মিটোলা মাল্টিকেয়ার বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডা. মো. রোকন উদ্দিন ভূঁইয়া।

বক্তারা কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে বৃত্তি ও সংবর্ধনার মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ। শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের নিজেদের প্রস্তুত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবেদুল্লাহ, ডা. মেজবাহ উদ্দিন, জসিম উদ্দিন, অ্যাডভোকেট আলী আজম, আলমগীর হোসেন, অ্যাডভোকেট আহসানুল হক বাবুল, অ্যাডভোকেট আরাফাত উল্লাহ, আলী আকরাম খন্দকার স্বপন, অ্যাডভোকেট শামসুল হক লিটন ও প্রফেসর আব্দুর রউফ প্রমুখ।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...