Logo Logo

গোপালগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

বেথুরী ইউনিয়নকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন উরফি ইউনিয়ন


Splash Image

গোপালগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচ-২০২৬’-এর ফাইনাল। উত্তেজনাপূর্ণ ফাইনালে বেথুরী ইউনিয়ন একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে উরফি ইউনিয়ন একাদশ।


বিজ্ঞাপন


শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন জেলা ফুটবল স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ।

ফাইনাল ম্যাচে বেথুরী ইউনিয়ন একাদশ ও উরফি ইউনিয়ন একাদশ মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বেথুরী ইউনিয়ন একাদশকে পরাজিত করে উরফি ইউনিয়ন একাদশ শিরোপা অর্জন করে। খেলা শেষে অতিথিরা বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদের অভিনন্দন জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ শারীরিক ও মানসিক সক্ষমতা বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শরীরকে সুস্থ ও রোগমুক্ত রাখার পাশাপাশি মানসিক অবসাদ দূর করতে সহায়তা করে। একই সঙ্গে এটি মানুষের পেশাগত দক্ষতা ও কর্মক্ষমতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, মাঠের খেলাধুলার মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, শ্রদ্ধাবোধ, আন্তরিকতা ও সামাজিক মূল্যবোধ গড়ে ওঠে। খেলাধুলা সুদৃঢ় ও সুশৃঙ্খল ঐক্য তৈরিতেও সহায়ক। মাঠের প্রতিটি মুহূর্ত একজন খেলোয়াড়কে আত্মবিশ্বাসী ও সাহসী করে তোলে। এই শিক্ষা পরবর্তী সময়ে বাস্তব কর্মজীবনে তাকে পরিশ্রমী, দায়িত্বশীল ও দৃঢ়চেতা হতে সাহায্য করে।

জেলা পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন জেলার ক্রীড়ামোদী সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাভার করেন।

বিজ্ঞাপন বিজ্ঞাপন

আরো দেখুন


বিজ্ঞাপন

পরবর্তী সংবাদ লোড হচ্ছে...